রণক্ষেত্রের পরিস্থিতি খুব কঠিন: ইউক্রেনের নতুন সেনাপ্রধান

ইউক্রেনের নতুন সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে রণক্ষেত্রের পরিস্থিতি খুব কঠিন। রুশ দখলদাররা তাদের প্রচেষ্টা বাড়িয়েছে এবং সেনা সংখ্যায় তাদের সুবিধা রয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এমন সময় ইউক্রেনীয় সেনাপ্রধান রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সহযোগিতা সরবরাহে বিলম্ব দেখা দিয়েছে। যা ইউক্রেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফলে আশঙ্কা দেখা দিয়েছে, মার্কিন সহযোগিতা ছাড়া কিয়েভের সেনারা কত দিন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারবে।

এক বছরের বেশি সময় ধরে প্রায় ১ হাজার কিলোমিটার রণক্ষেত্রে খুব বড় কোনও পরিবর্তন আসেনি। ২০২৩ সালের জুনে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করলেও তাতে তারা বড় ধরনের অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে। ইউক্রেনীয় সামরিক নেতারা স্বীকার করেছেন, রাশিয়া সেনা সংখ্যা বেশি থাকার সুবিধা পাচ্ছে।

ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, অভিযানিক পরিবেশ খুব জটিল ও চাপযুক্ত। শত্রুদের অগ্রগতি ঠেকানোর জন্য আমরা সম্ভাব্য সব কিছু করছি। কিন্তু চরম কঠিন পরিস্থিতিতে সেনাদের লড়াই করতে হচ্ছে।

সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আভদিভকায় ইউক্রেনীয় সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ।

সিরস্কি বলেছেন, কঠিন পরিস্থিতির পরও ইউক্রেনীয় সেনারা শত্রুদের বড় ধরনের ক্ষতিসাধন করছে।