ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

রাতভর বিমান হামলা চালিয়ে ইউক্রেনে ১৬টি ক্ষেপণাস্ত্র এবং ১১টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। রবিবার (৩১ মার্চ) সকালে ইউক্রেনের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, তারা নয়টি ড্রোন এবং নয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এগুলো তাদের লক্ষ্য শনাক্ত করতে পারেনি।

রুশ বাহিনী সারাতোভ থেকে ১৪কেএইচ-১০১/কেএইচ-৫৫৫ ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া রুশ-অধিকৃত প্রিমর্স্কো-আখতারস্ক থেকে ১১ টি শাহেদ ড্রোন,ক্রিমিয়া থেকে একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রুশ অধিকৃত জাপোরিঝিয়া থেকে কেএইচ-৫৯ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছিল।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে, রাশিয়া ইউক্রেনের জ্বালানি সুবিধাগুলির বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে বিমান অভিযান জোরদার করেছে। এর ফলে ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিকে যেমন ব্ল্যাকআউট হতো, তা আবারও ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থা ডিটিইকে জানিয়েছে, তাদের ছয়টি প্ল্যান্টের মধ্যে পাঁচটিই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এগুলো প্রায় ৮০ শতাংশ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। এগুলো মেরামত করতে অন্তত ১৮ মাস সময় লাগতে পারে বলে দাবি করেছে ডিটিইকে।