ব্রিটেনে ইসলাম ধর্মের প্রচারক হিসেবে পরিচিত আনজেম চৌধুরীকে সন্ত্রাসী সংগঠন পরিচালনার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এই রায় দেওয়া হয়। তার অনুসারীরা বিশ্বজুড়ে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
৫৭ বছর বয়সী চৌধুরী গত সপ্তাহে আল-মুহাজিরুন নামের সংগঠন পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত হন। এই সংগঠনটি এক দশক আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া, তিনি অন্যান্যদেরকে এই নিষিদ্ধ গোষ্ঠীর সমর্থন করার জন্য উসকানি দেওয়ার অভিযোগেও দোষী সাব্যস্ত হন।
লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টের বিচারক মার্ক ওয়াল চৌধুরীকে বলেন, আপনি যে ধরনের সংগঠন পরিচালনা করেন সেই ধরনের সংগঠনগুলো সহিংসতাকে একটি আদর্শগত কারণে স্বাভাবিক করে তোলে। এদের অস্তিত্ব সদস্যদের এমন কাজ করতে প্ররোচিত করে যা তারা অন্যথায় করতে সাহস পেত না।
বিচারক চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে এক্ষেত্রে ন্যূনতম ২৮ বছর কারাভোগের পর তিনি প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন। যা গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত কারাগারে থাকা সময়ের চেয়ে সামান্য বেশি।
চৌধুরী ব্রিটেনে ইসলাম প্রচারক হিসেবে অন্যতম জনপ্রিয় ছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলাকারীদের প্রশংসা করার জন্য এবং বাকিংহাম প্যালেসকে মসজিদে রূপান্তর করার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তিনি ২০১৬ সালে জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটকে (আইএস) সমর্থন করার জন্য কারাদণ্ডিত হন এবং ২০১৮ সালে পাঁচ বছরের মধ্যে আড়াই বছর সাজা ভোগ করার পর মুক্তি পান।
চৌধুরীর আইনজীবী পল হাইনস দাবি করেছেন, আল-মুহাজিরুন ‘একটি মৃত সংগঠন’ এবং সংগঠনের সঙ্গে সম্পর্কিত প্রায় সব সন্ত্রাসী ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে।
তবে, বিচারক ওয়াল বলেছেন, আল-মুহাজিরুন একটি উগ্রপন্থি সংগঠন যা শারিয়াহ আইনকে যতটুকু সম্ভব বিশ্বের বিভিন্ন অংশে বিস্তৃত করার জন্য সহিংস উপায়ে কাজ করছে।