রাশিয়ার জন্য উ. কোরিয়ার সামরিক সহায়তাকে বড় হুমকি বললেন ইউক্রেনীয় গোয়েন্দাপ্রধান

রাশিয়ার যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউআর-এর প্রধান কিরিলো বুদানভ। শনিবার (১৫ সেপ্টেম্বর) তিনি বলেন, উত্তর কোরিয়ার সরবরাহ করা প্রচুর পরিমাণ কামানের গোলাবারুদ রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর তৎপরতা বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুদানভ বলেন, রাশিয়ার অন্যান্য মিত্রদের তুলনায় উত্তর কোরিয়ার এই সহায়তা ইউক্রেনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে, যা রাশিয়ার সামরিক শক্তিকে বাড়িয়ে তুলছে।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ এবং স্বাধীন বিশ্লেষকরা দাবি করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মস্কো থেকে অর্থনৈতিক এবং সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছেন।

বুদানভ কিয়েভে ইয়াল্টা ইউরোপীয় কৌশল সম্মেলনে আরও বলেন, রাশিয়ার গাইডেড বোমার উৎপাদন বৃদ্ধি ইউক্রেনের জন্য সামনের সারিতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাশিয়ার ইস্কান্দার-ধরনের ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধির ফলে ইউক্রেনের ওপর ব্যাপক হামলা চালানো হচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনী এখন রুশ বাহিনীর অগ্রগতি ঠেকাতে পূর্বাঞ্চলে বেশ চাপের মুখে রয়েছে। এছাড়া ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে অভিযান চালাচ্ছে।

এ বছরের শুরুতে রাশিয়ার হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেশজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুনরায় তার মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষায় সহায়তা চেয়েছেন।

বুদানভ আরও সতর্ক করে বলেছেন যে, রাশিয়া আগামী বছরের মাঝামাঝি সময়ে জনবল সংকটে পড়বে। তিনি বলেন, ২০২৫ সালের গ্রীষ্ম নাগাদ তারা এক গভীর সংকটে পড়বে—তাদের হয়তো নতুন করে সেনা সংগ্রহ করতে হবে বা যুদ্ধের তীব্রতা কমাতে হবে, যা তাদের জন্য সংকটময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে।