রুশ ড্রোন হামলায় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

ইউক্রেন যুদ্ধ শেষ করতে আলোচনায় বসার প্রতিশ্রুতির মধ্যেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিকিরণ সুরক্ষা আবরণের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

জেলেনস্কি জানান, হামলার ফলে ক্ষতিগ্রস্ত ওই বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষা কাঠামোতে আগুন ধরে যায়। অবশ্য পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

চেরনোবিল বিপর্যয় ছিল বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা। ১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়। প্রাণ হারান ৩১ জন। আর পারমাণবিক বিকিরণে আক্রান্ত হন অন্তত সাড়ে তিন লাখ মানুষ। বর্তমানে এটি ইউক্রেনের অন্তর্ভুক্ত। ওই বিস্ফোরণের পর বিকিরণ রোধে একটি বিশেষ সুরক্ষা আবরণ তৈরি করা হয়।

জেলেনস্কি বলেন, প্রাথমিক মূল্যায়নে সুরক্ষা কাঠামোর গুরুতর ক্ষতির বিষয়টি নিশ্চিত করা গেছে। তবে বর্তমানে এটির রেডিয়েশন মাত্রা বৃদ্ধি পায়নি এবং এটি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলেনস্কি কড়া ভাষায় রাশিয়ার সমালোচনা করে বলেন, রাশিয়া একমাত্র দেশ যারা পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে এবং পরিণতি বিবেচনা না করেই যুদ্ধ চালিয়ে যায়।