কুরস্কে এগোচ্ছে রুশ সেনারা, সংকটে ইউক্রেনীয় বাহিনী

রাশিয়ার সেনাবাহিনী সোমবার কুরস্ক অঞ্চলে আরও অগ্রসর হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনীর পিছনে অবস্থান নিয়ে একটি বড় ধরনের ঘেরাও অপারেশন শুরু করেছে। এই অপারেশনের লক্ষ্য হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে হয় পশ্চাদপসরণ অথবা আত্মসমর্পণে বাধ্য করা। রাশিয়ার এই অগ্রগতি এমন সময়ে ঘটেছে, যখন ইউক্রেন সৌদি আরবে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত আগস্টে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজর৩০০ বর্গকিলোমিটার (৫০০ বর্গমাইল) এলাকা দখল করে নেয়। ইউক্রেনের দাবি, ভবিষ্যৎ আলোচনায় তাদের অবস্থান শক্তিশালী করতে এবং রাশিয়াকে পূর্ব ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে ফেব্রুয়ারির মধ্যেই রাশিয়া কুরস্ক অঞ্চলের অন্তত ৮০০ বর্গকিলোমিটার (৩০০ বর্গমাইল) এলাকা পুনর্দখল করে নেয়। গত কয়েক দিনে রাশিয়া একাধিক দিক থেকে বড় ধরনের প্যারাট্রুপার আক্রমণ চালিয়েছে, যা ইউক্রেনের সরবরাহ লাইন এবং পশ্চাদপসরণের সম্ভাব্য পথ বিচ্ছিন্ন করার হুমকি তৈরি করেছে। 

রাশিয়ার সামরিক ব্লগ ‘টু মেজরস’ জানায়, রুশবাহিনী ইভাশকভস্কি বসতি দখল করে নিয়েছে এবং কমপক্ষে সাতটি দিক থেকে কুরস্কের তথাকথিত ‘কড়াই’ এলাকায় অগ্রসর হচ্ছে। ইউক্রেনীয় বংশোদ্ভূত রুশপন্থি সামরিক ব্লগার ইউরি পোডোলিয়াকা বলেছেন, রাশিয়ার অগ্রগতি এত দ্রুত ঘটছে যে তিনি ঘটনাপ্রবাহের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন। তিনি জানান, ইউক্রেনীয় বাহিনী কুস্কের একাধিক এলাকায় আটকা পড়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ ব্লগার রাইবার বলেছে, গত চার দিনে রাশিয়ার বাহিনী কুরস্ক অঞ্চলে যতটা এলাকা দখল করেছে, তা কখনও কখনও কয়েক মাসেও সম্ভব হয়নি। তিনি আরও যোগ করেন, ফ্রন্ট লাইন ভেঙে পড়েছে এবং রাশিয়ার বাহিনী ইউক্রেনীয় সীমান্তের ভেতরে ঢুকে প্রধান সড়কগুলো বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এটি কুরস্ক থেকে ইউক্রেনের সুমি অঞ্চলে যাওয়ার পথ। 

রাশিয়ার এই আক্রমণ ইউক্রেনের জন্য একটি বড় সংকট তৈরি করেছে, বিশেষ করে যখন বসন্তের তাপমাত্রায় রাস্তাগুলো কাদায় পরিণত হচ্ছে। প্রশ্ন উঠেছে, ইউক্রেনীয় বাহিনীকে কি কুরস্ক থেকে পিছু হটতে হবে? আর যদি হটে, তবে কি তারা রাশিয়ার তীব্র গোলাবর্ষণের মধ্যে বিশৃঙ্খলভাবে সীমান্তের দিকে ছুটতে বাধ্য হবে? 

রবিবার রাশিয়ার বাহিনী কুরস্ক অঞ্চলে আরও তিনটি বসতি পুনর্দখল করে নেয়। বিশেষ বাহিনী সুদঝা শহরের কাছে একটি গ্যাস পাইপলাইনের মাধ্যমে মাইলজুড়ে এগিয়ে গিয়ে ইউক্রেনীয় বাহিনীকে অবাক করে দেয়। 

২০২৪ সালে রাশিয়ার অগ্রগতি এবং ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া নীতিতে পরিবর্তন ইউরোপীয় নেতাদের মধ্যে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। তারা মনে করছেন, ইউক্রেন যুদ্ধে হেরে যেতে পারে এবং ট্রাম্প ইউরোপের প্রতি পিঠ ফিরিয়ে নিচ্ছেন। গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক বিশ্ব মিডিয়ার সামনে তিক্ততায় পরিণত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সাহায্য ও গোয়েন্দা তথ্য বন্ধ করে দেয়। 

জেলেনস্কি রবিবার জানান, তিনি কুরস্ক অপারেশন সম্পর্কে তার কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্ডার সিরস্কির কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন। তবে তিনি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রবিবার সন্ধ্যায় তাদের দৈনিক প্রতিবেদনে জানায়, রাশিয়ার বাহিনীর ২৭টি আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী।