এএফপি সাংবাদিককে মুক্তি দিলো তুরস্কের আদালত

ফরাসি সংবাদমাধ্যম এএফপি’র সাংবাদিক ইয়াসিন আকগুলকে মুক্তি দিয়েছে তুরস্কের একটি আদালত। এই সপ্তাহে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর কারাদণ্ডের বিরুদ্ধে গণবিক্ষোভের খবর প্রচারের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার (২৭ মার্চ) ইয়াসিনকে আদালত মুক্তি দিয়ে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার দুর্নীতির অভিযোগে ইমামোগলুর গ্রেফতার তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের জন্ম দিয়েছে। ওই বিক্ষোভের সময় দেশব্যাপী ব্যাপক ধরপাকড় করা হয়েছে।

মঙ্গলবার একটি আদালত সাতজন সাংবাদিককে বিচার চলাকালীন কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাদের মধ্যে এএফপির ইয়াসিন আকগুলও ছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘অবৈধ সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ’ এবং ‘বিক্ষোভ চলাকালীন পুলিশের সতর্কতা উপেক্ষা করে সমাবেশ থেকে বের হয়ে যেতে অস্বীকৃতি’ জানানো।

রয়টার্সের দেখা এক আদালতের নথিতে এসব অভিযোগ উল্লেখ করা হয়।

তুরস্কের এনটিভি সম্প্রচার সংস্থা জানিয়েছে, আদালত স্থানীয় অন্য ছয়জন সাংবাদিককেও মুক্তি দিয়েছে।

প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান এই বিক্ষোভকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন এবং বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

অবশ্য বিরোধী দল সিএইচপি (সিএইচপি) বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং সরকারের ওপর চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

বিরোধী দল, পশ্চিমা দেশগুলো এবং মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, ইমামোগলুর বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে তাকে আসন্ন নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে সরানোর চেষ্টা করা হচ্ছে।

তবে সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং বিচার বিভাগে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।