যুক্তরাজ্যের সাউথএন্ড বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয় সময় রবিবার বিকালে এই দুর্ঘটনা ঘটেছিল এবং তদন্ত অব্যাহত থাকায় বিমানবন্দরটি সোমবারও বন্ধ রয়েছে, সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, প্যারামেডিকস এবং পুলিশসহ জরুরি পরিষেবাগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এক ডজনেরও বেশি ফায়ার ইঞ্জিন এবং সহায়তা যানকে বিমানবন্দরে আগুন নেভাতে এবং এলাকা সুরক্ষিত করতে দেখা গেছে। বিশেষ উদ্ধারকারী দল রাতভর নিহতদের উদ্ধার এবং ধ্বংসাবশেষ পরীক্ষা করার কাজ করেছে।
এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ এখনও নিহতদের আনুষ্ঠানিকভাবে শনাক্ত করতে এবং তাদের পরিবারকে খবর জানাতে কাজ করছে। বিমানের কোনও আরোহীর বেঁচে থাকার খবর পাওয়া যায়নি এবং মাটিতে কেউ আহত হয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
এসেক্স পুলিশ জানিয়েছে, রবিবার বিকাল ৪টার ঠিক আগে বিমানবন্দরের কাছে একটি ১২ মিটার লম্বা বিমান বিধ্বস্ত হওয়ার খবর আসে। তারা এটিকে একটি গুরুতর ঘটনা হিসেবে ঘোষণা করে। দুর্ঘটনায় জড়িত বিমানটির ধরন এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নেদারল্যান্ডসের লেলিস্টাড বিমানবন্দরে অবস্থিত জিউশ অ্যাভিয়েশন নিশ্চিত করেছে যে, তাদের বিমানটি দুর্ঘটনায় জড়িত ছিল এবং তারা তদন্তে কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে সহায়তা করছে।
সংস্থাটি আরও বলেছে, এই মর্মান্তিক ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা।
যুক্তরাজ্যের এয়ার অ্যাকসিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি) দুর্ঘটনার কারণ তদন্তের জন্য বিশেষজ্ঞদের একটি দল গঠন করেছে। এতে বিমান পরিচালনা, মানব উপাদান, প্রকৌশল এবং ডেটা বিশ্লেষণে বিশেষজ্ঞরা রয়েছেন। এএআইবি জানিয়েছে, তাদের বহু-বিভাগীয় দলটি রবিবার ঘটনাস্থলে পৌঁছেছে এবং তখন থেকে প্রমাণ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়ার কাজ করছে।
তদন্তকারী ও জরুরি পরিষেবাগুলো তাদের কাজ চালিয়ে যাওয়ায় সাউথএন্ড বিমানবন্দর বন্ধ রয়েছে। যেসব যাত্রীদের ভ্রমণের সময় নির্ধারিত ছিল, তাদের এয়ারলাইন্সের কাছ থেকে ফ্লাইটের আপডেট জানতে বলা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তদন্ত অব্যাহত থাকায় ধৈর্যের অনুরোধ করেছে।