সরকারি ব্যয় নিরীক্ষার ঘোষণা দিলেন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো বলেছেন, তার সরকার ‘বাস্তব সাশ্রয়’ নিশ্চিত করতে সরকারি অর্থনীতির পূর্ণ নিরীক্ষা শুরু করবে। এছাড়া বৃহৎ পরিসরে বেসরকারিকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করা উচিত বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ জুলাই) নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সভিরিদেনকো এ কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক্সে দেওয়া পোস্টে সভিরিদেনকো জানান, তার প্রধান অগ্রাধিকার হবে সেনাবাহিনীতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং ঘরোয়া অস্ত্র উৎপাদন প্রসারিত করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সভিরিদেনকো বলেন, আমাদের সরকার একটি এমন ইউক্রেন গঠনের পথে অগ্রসর হবে যা সামরিক, অর্থনৈতিক ও সামাজিক—এই তিনটি স্তম্ভের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে। আমার মূল লক্ষ্য বাস্তব, ইতিবাচক ফলাফল অর্জন করা—যা প্রতিটি ইউক্রেনীয় নাগরিক তার দৈনন্দিন জীবনে অনুভব করবে।’

তিনি আরও বলেন, ‘আজ ইউক্রেন সরকারকে নেতৃত্ব দেওয়া আমার জন্য এক মহান সম্মান।’

১৭ জুলাই ইউক্রেনের পার্লামেন্ট বড় ধরনের মন্ত্রিসভা রদবদলের অংশ হিসেবে ইউলিয়া সভিরিদেনকোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করে।

সভিরিদেনকো ২৬২ ভোটে নির্বাচিত হন। তার বিপক্ষে ভোট দেন ২২ জন এবং ২৬ জন বিরত থাকেন।

৩৯ বছর বয়সী এই অর্থনীতিবিদ এর আগে প্রথম উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে গত পাঁচ বছর দায়িত্ব পালনকারী ডেনিস শমিহালের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করেন।

এখন ইউক্রেন পার্লামেন্টে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরও নিশ্চিত করার কথা রয়েছে। ১৬ জুলাই জেলেনস্কি নতুন সরকারের প্রার্থীদের নাম প্রকাশ করেন। এর আগে সংসদ আনুষ্ঠানিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শমিহালের মন্ত্রিসভা বাতিল করে।

এই রদবদল এমন সময়ে হচ্ছে যখন ইউক্রেন রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং তার মূল আন্তর্জাতিক সহযোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে রয়েছে।

ভোটাভুটির আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি শমিহালকে তার সেবার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক চুক্তির প্রেক্ষিতে কূটনৈতিক সম্পর্ক পরিচালনায় একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

ইউক্রেনের দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে থেকে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি রুস্তেম উমেরভের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে উপ-প্রধানমন্ত্রী ওলহা স্তেফানিশিনাকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের নতুন বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলেনস্কি।