ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া সমস্যার সমাধান নয়, বরং সেটি বিপরীত ফল ডেকে আনতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শনিবার ইতালীয় দৈনিক লা রিপাবলিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, তবে আগে থেকেই স্বীকৃতি দেওয়ার পক্ষে নই।
তিনি আরও বলেছেন, কাগজে এমন কিছুকে স্বীকৃতি দিলে যা বাস্তবে এখনও নেই, তাহলে মনে হতে পারে সমস্যার সমাধান হয়েছে, অথচ আদতে তা হয় না।
এই মন্তব্য ফ্রান্সের সিদ্ধান্তের প্রেক্ষাপটে এসেছে। প্যারিস সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নেয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমন সময় ফ্রান্স এই সিদ্ধান্ত নিলো যখন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এমনভাবে হওয়া উচিত, যাতে নতুন ফিলিস্তিনি রাষ্ট্রও ইসরায়েলকে স্বীকৃতি দেয়। একইসঙ্গে দুই রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে বলে মত দেন তিনি।
জার্মানির এক সরকারি মুখপাত্র শুক্রবার জানান, বার্লিন বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না। বরং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে প্রয়োজনীয় অগ্রগতি সাধনের ওপর গুরুত্ব দিচ্ছে জার্মানি।
মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে আন্তর্জাতিকভাবে সমর্থিত কাঠামো হিসেবে দেখা হয়। তবে বাস্তবে এই পরিকল্পনার বাস্তবায়ন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক জটিলতায় থমকে আছে।