রাশিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় পেত্রোপাভলোভস্ক-কমচাটস্কি শহরে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সময় অস্ত্রোপচারে ব্যস্ত ছিলেন একদল সার্জন। মাটি কাঁপতে শুরু করলেও চিকিৎসকেরা ধৈর্য হারাননি। রোগী ও যন্ত্রপাতি হাতে ধরে স্থির রাখেন এবং অস্ত্রোপচার শেষ করেন সফলভাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
কমচাটকা অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভূমিকম্পের সময় কাঁপতে থাকা মেঝে ও যন্ত্রপাতি সামলানোর চেষ্টা করা চিকিৎসকেরা অপারেশন থামাননি।
টেলিগ্রামে কমচাটকার স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ লিখেছেন, ঝুঁকি থাকা সত্ত্বেও চিকিৎসকেরা শান্ত ছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত রোগীর সঙ্গে ছিলেন।
যদিও কী ধরনের অস্ত্রোপচার চলছিল তা প্রকাশ করা হয়নি, তবে ওই রোগী বর্তমানে বিপদমুক্ত বলে জানিয়েছেন তিনি।
রুশ ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, কমচাটকার উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পটি অঞ্চলটিতে ১৯৫২ সালের পর সবচেয়ে শক্তিশালী। ভূমিকম্পের ফলে হাওয়াই, জাপান ও চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তিনি এর কৃতিত্ব দেন মজবুত ভবন নির্মাণ এবং সতর্কতামূলক ব্যবস্থার কার্যকর প্রয়োগে।
তবে কমচাটকা উপদ্বীপ এবং প্রশান্ত মহাসাগরীয় কুরিল দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়ায় এবং কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সেভেরো-কুরিলস্ক শহরের এক রেস্তোরাঁ শেফ রোমান ক্রিপাকভ রয়টার্সকে বলেছেন, আমি তখন রান্না করছিলাম। হঠাৎ কম্পন শুরু হলো। আমরা রাস্তায় বেরিয়ে দেখি সব ভবন কাঁপছে, ছাদ থেকে পাইপ আর ইট খসে পড়ছে।
তিনি বলেন, মৃত্যুর কথা মনে এসেছিল। সবার কাছে ক্ষমা চেয়েছিলাম, জীবনের সুন্দর মুহূর্তগুলো স্মরণ করছিলাম, স্ত্রীকে মেসেজও পাঠাই।
একটি ভিডিওতে দেখা গেছে, সেভেরো-কুরিলস্কে জলোচ্ছ্বাসে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা ডুবে যাচ্ছে। পানির স্রোতে টিনের তৈরি ভবন এবং কনটেইনার ভেসে গেছে। এক নারীকে বলতে শোনা যায়, আমাদের কারখানাটা ডুবে গেলো, সঙ্গে আমাদের সামুদ্রিক মাছের সব কিছু ভেসে গেলো।
অন্যদিকে, কামচাটকার উপকূলবর্তী আন্তসিফেরভ দ্বীপে ভূমিকম্পের সময় স্টেলার প্রজাতির বিশাল সামুদ্রিক সিংহগুলোকে সাগরে লাফিয়ে পড়তে দেখা গেছে। এই দ্বীপটি এই বিপন্নপ্রায় প্রাণীদের স্বাভাবিক বাসস্থান হিসেবে পরিচিত।