ইসরায়েলের জাতীয় এয়ারলাইন এল আল-এর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে সন্দেহভাজন হামলাকারীরা।বৃহস্পতিবার (৭ আগস্ট) এ ঘটনা ঘটেছে। সেই সঙ্গে ওই কার্যালয়ের সামনের অংশে লাল কালি দিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ সহ নানা স্লোগান লেখা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তাবারো লিখেছেন, ‘ঘৃণার এবং ইহুদি বিদ্বেষমূলক কর্মকাণ্ড আমাদের প্রজাতন্ত্রে কোনও স্থান পেতে পারে না।’
ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকাও এ ঘটনার নিন্দা জানান। তিনি সাংবাদিকদের বলেন, এটি স্পষ্টভাবে একটি আক্রমণ। ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধেও এটি নিছক এক আক্রমণ, আর কিছু নয়।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে গাজায় প্রতিশোধমূলক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকেই ফ্রান্সে ঘৃণামূলক অপরাধের পরিমাণ বেড়ে গেছে।
গত মার্চ মাসে প্রকাশিত সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি পুলিশ জানিয়েছে, বর্ণবাদী, বিদেশি বিদ্বেষমূলক অথবা ধর্মীয় বিদ্বেষপূর্ণ অপরাধের সংখ্যা ১১ শতাংশ বেড়েছে। তবে এই পরিসংখ্যানে বিভিন্ন ধর্মের বিরুদ্ধে হওয়া আক্রমণের বিস্তারিত বিভাজন ছিল না।
এ ঘটনার তদন্ত সম্পর্কিত বিস্তারিত জানতে চেয়ে প্যারিস প্রসিকিউটর অফিসকে করা অনুরোধের জবাব পাওয়া যায়নি।