ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা ইউক্রেনের থাকতে হবে: ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো বলেছে, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা দেশটির থাকতে হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে মঙ্গলবার এ অবস্থান জানালেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের কথা বলার কথা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইউক্রেনের প্রধান অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন কিয়েভের জন্য অনুকূল নয় এমন শান্তিচুক্তি চাপিয়ে দিতে পারে।

হাঙ্গেরি বাদে বাকি ইইউ দেশগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অর্থবহ আলোচনার জন্য যুদ্ধবিরতি বা সংঘাত কমানো অপরিহার্য। কূটনৈতিক সমাধান অবশ্যই ইউক্রেন ও ইউরোপের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।

ট্রাম্প বলেছেন, যেকোনও শান্তিচুক্তিতে রাশিয়া ও ইউক্রেনকে ভূখণ্ড হারাতে হবে। যা ইউক্রেন ও ইউরোপের উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে এসব ভূখণ্ড কার্যত ইউক্রেনের।

এদিকে, ইউক্রেনের ডোব্রোপিলিয়া এলাকার কাছে দুই দিক দিয়ে রাশিয়া প্রায় ১০ কিলোমিটার উত্তর দিকে অগ্রসর হয়েছে। তাদের লক্ষ্য ডনেস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া।

ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তা এক্সে লিখেছেন, ২০১৪ ও ২০১৫ সালে আলোচনার আগে রাশিয়া বড় আক্রমণ চালিয়ে চাপ সৃষ্টি করেছিল। এবারও একই কৌশল দেখা যাচ্ছে। যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে নয়।

এদিকে ইউক্রেনীয় সেনারা সোমবার পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের দুটি গ্রাম পুনর্দখল করেছে। প্রায় দেড় বছরের ধীর রুশ অগ্রগতির মধ্যে এটি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বাত্মক হামলা শুরুর পর এ বছর সুমি অঞ্চলে নতুন অভিযান চালাচ্ছে। পুতিন সেখানে বাফার জোন তৈরির দাবি করেছেন।

ইইউ’র বিবৃতিতে বলা হয়েছে, নিজেকে কার্যকরভাবে রক্ষা করতে সক্ষম একটি ইউক্রেন যেকোনও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তার অপরিহার্য অংশ।

নিরাপত্তা নিশ্চয়তায় আরও অবদান রাখতে ইইউ দেশগুলো প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

জেলেনস্কি ইইউর বিবৃতিকে স্বাগত জানিয়ে এক্সে লিখেছেন, রাশিয়া নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় সংকল্পকে সমর্থন করি। তবে রাশিয়া যাতে আবারও বিশ্বকে ধোঁকা দিতে না পারে, তা নিশ্চিত করতে হবে।