ইউক্রেনে যুদ্ধবিরতির শর্ত ট্রাম্পকে জানালো ইউরোপ ও কিয়েভ

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে যুদ্ধবিরতির শর্ত জানিয়েছেন ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতারা। বুধবার এক যৌথ ফোনালাপে এই অবস্থান তুলে ধরেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মের্ৎস বলেন, আমরা স্পষ্ট করে দিয়েছি যে,পরবর্তী বৈঠক শুরু হলে ইউক্রেনকে অবশ্যই আলোচনার টেবিলে থাকতে হবে। আলোচনার শুরুতেই যুদ্ধবিরতি হতে হবে।

তিনি জানান, ইউক্রেন সীমান্ত ইস্যুতে আলোচনায় রাজি হলেও রুশ দখলের আইনি স্বীকৃতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি কিয়েভকে দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। যদিও তিনি বিস্তারিত জানাননি।

যদি আলাস্কার বৈঠকে রাশিয়ার কোনও ইতিবাচক সাড়া না মেলে, তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ চাপ বাড়াবে বলে সতর্ক করেন মের্ৎস। তার দাবি, ট্রাম্প এ অবস্থান সম্পর্কে অবগত এবং মূলত এতে একমত।

মের্ৎস আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের পর গত সাড়ে তিন বছরে পুতিনের সঙ্গে প্রতিটি আলোচনার পরই মস্কো আরও তীব্র সামরিক হামলা চালিয়েছে। এবারও যদি তা হয়, তবে বোঝা যাবে এই আলোচনাগুলো বিশ্বাসযোগ্য বা কার্যকর নয়।

জার্মান চ্যান্সেলর বলেন, যুক্তরাষ্ট্র যদি এখন ইউক্রেন ও ইউরোপীয় স্বার্থ রক্ষা করে শান্তির পথে এগোয়, তবে এই প্রচেষ্টায় আমরা পূর্ণ সমর্থন দেব।