মস্কো যেতে রাজি নন জেলেনস্কি, পুতিনকে কিয়েভে আমন্ত্রণ

মস্কোতে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এমন অবাস্তব স্থান নির্ধারণ আলোচনায় রাশিয়ার সত্যিকার আগ্রহের অভাবের প্রমাণ।

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি একজন সন্ত্রাসীর রাজধানীতে যেতে পারি না। প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণের মুখে থাকা অবস্থায় এটা সম্ভব নয়। পুতিন চাইলে কিয়েভে এসে আলোচনায় অংশ নিতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বৈঠকের জন্য চাপ দিয়ে আসছেন। আলাস্কায় পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক শীর্ষ বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল রাশিয়া ও ইউক্রেনের নেতাদের মুখোমুখি বসানো। ট্রাম্প বলেছেন, জেলেনস্কির ওয়াশিংটন সফর ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষে বৈঠক হতে পারে। তবে মস্কো নতুন শর্ত আরোপ করায় তা আটকে আছে।

এই সপ্তাহে পুতিন বলেছেন, তিনি বৈঠকের জন্য প্রস্তুত, তবে তা হতে হবে মস্কোতেই। শুক্রবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমন্ত্রণ আত্মসমর্পণের জন্য নয়, বরং আলোচনার জন্য। এর প্রতিক্রিয়ায় প্যারিসে জেলেনস্কি বলেন, আমাকে মস্কোতে তখন আপনি ডাকবেন যখন চাইবেন বৈঠক না হোক।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেছেন, সেপ্টেম্বরে প্রথম পাঁচ দিনে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৩০০ ড্রোন, ৯০০-এর বেশি গাইডেড বোমা ও ৫০ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ১৪টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ট্রাম্প বলেছেন, কিছু একটা হবে, তবে তারা এখনও প্রস্তুত নয়… আমরা সেটা করব। যদিও এবার তিনি কোনও সময়সীমা উল্লেখ করেননি।