মস্কোয় গুলিবিদ্ধ রুশ জেনারেল, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেকসিভকে গুলি করেছে অজ্ঞাতপরিচয় এক হামলাকারী। শুক্রবার মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাদের ওপর ধারাবাহিক হামলার সবশেষ ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মস্কো প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে তদন্তকারীরা জানিয়েছেন, সোভিয়েত ইউক্রেনে জন্ম নেওয়া জেনারেল আলেকসিভকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়েছে। হামলার পর হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মস্কো এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করে আসছে। কোনও কোনও ক্ষেত্রে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দায় স্বীকার করেছে। তবে আলেকসিভকে লক্ষ্য করে চালানো এই হামলার বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত মস্কো ও এর আশপাশে আলেকসিভের সমমর্যাদার আরও তিন লেফটেন্যান্ট জেনারেল নিহত হয়েছেন। গত ২২ ডিসেম্বর জেনারেল স্টাফের সেনা প্রশিক্ষণ পরিদফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন।

শীর্ষ কর্মকর্তাদের ওপর একের পর এক এমন হামলায় রাশিয়ার প্রভাবশালী যুদ্ধ বিশ্লেষক ও ব্লগাররা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, কর্মকর্তাদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাব এই পরিস্থিতি তৈরি করছে। অন্তত দুটি ঘটনায় দেখা গেছে, টার্গেট করা কর্মকর্তাদের তাদের নিজ বাড়ির ঠিক বাইরেই হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, আহত জেনারেল আলেকসিভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের মধ্যে সম্পর্কের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালের জুনে ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বে ভাগনার গ্রুপ যখন বিদ্রোহ করে, তখন যে কয়েকজন শীর্ষ কর্মকর্তা তার সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন, আলেকসিভ ছিলেন তাদের অন্যতম। এর দুই মাস পর এক বিমান দুর্ঘটনায় প্রিগোজিন নিহত হন।

বর্তমানে আলেকসিভের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জিআরইউ প্রধান ইগর কস্তিউকভ ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আবুধাবিতে অবস্থান করছেন।