ইউক্রেনে রুশ হামলায় নারী ও শিশুসহ নিহত ৪

রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও তার ১০ বছর বয়সী শিশুও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার ভোররাতে দেশটির বিভিন্ন অঞ্চলে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৪৯টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া। পূর্বাঞ্চলীয় শহর বোহোদুখিভের একটি আবাসিক এলাকায় ড্রোন হামলায় এক নারী ও তার ছেলে নিহত হয়। এছাড়া উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলে ৭১ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান।

দক্ষিণের বন্দরনগরী ওডেসায় পৃথক হামলায় আরও একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ কিপের। হামলায় একটি আবাসিক ভবন ও গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, বেসামরিক এলাকায় এই হামলা আরেকটি যুদ্ধাপরাধের শামিল।

এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরীসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

তীব্র শীতের মধ্যে এই হামলায় কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সুমি ও চেরনিহিভ অঞ্চলের রেল অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।

রাশিয়া এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই মস্কো বেসামরিক লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও দুই পক্ষের মধ্যে দখলকৃত ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধ কাটেনি। ফলে সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা দেখা দিয়েছে।