কানাডার স্কুলে বন্দুক হামলায় ‘সন্দেহভাজন’সহ নিহত ১০

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে এক বন্দুকধারীর হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কানাডার পুলিশ। খবর রয়টার্সের।

দ্য রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলছে, টাম্বলার রিজের একটি হাই স্কুলের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একচি বাড়ি থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে, যারা কিনা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের বিশ্বাস, এ ঘটনায় আর কোনও সন্দেহভাজন জড়িত নেই।

ব্রিটিশ কলাম্বিয়া কর্তৃপক্ষের জারি করা এক সতর্কবার্তায় বলা হয়, সন্দেহভাজন হামলাকারী একজন নারী। নারীর পোশাক পরে তিনি হামলা চালিয়েছেন এবং তার চুল বাদামি রংয়ের।

পুলিশ সুপারিন্টেনডেন্ট কেন ফ্লয়েড সংবাদ সম্মেলনে বলেন, “অফিসাররা ঘটনাস্থলের যাওয়ার সময় একাধিক আহত ও মৃত ব্যক্তিকে দেখতে পান।” তিনি আরও বলেন, “ঘটনাস্থল এখন সুরক্ষিত রয়েছে। হামলায় কি অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং কি কারণে হামলা চালানো হলো তা তদন্ত করা হচ্ছে।”

টাম্বলার রিজ উত্তর ব্রিটিশ কলাম্বিয়ার রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি দুর্গম পৌর এলাকা। যেখানে প্রায় দুই হাজার ৪০০ জন মানুষের বসবাস। এটি ভ্যানকুভার থেকে প্রায় এক হাজার ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

পুলিশ বলছে, ওই হামলায় আরও ২৫ জনের মতো আহত হয়েছে। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিয়েজের এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “আমাদের সকলের চিন্তা টাম্বলার রিজের মানুষের সঙ্গে রয়েছে। আমি মেয়র এবং স্থানীয় এমএলএর সঙ্গে কথা বলেছি। তাদের যেকোনও অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে আমরা তা দিতে প্রস্তুত।”