ব্রিটিশ প্রধানমন্ত্রীদের চেয়েও মেয়াদ বেশি যে বিড়ালের!

যুক্তরাজ্যে ১০ নং ডাউনিং স্ট্রিটের বারান্দা ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাঝে সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হয়ে উঠেছে একটি বিড়াল, যার নাম ল্যারি। বিড়ালটি ১৫ বছর ধরে ব্রিটিশ সরকারের চিফ মাউজার বা প্রধান ইঁদুর দমনকারী বিড়াল হিসেবে দায়িত্ব পালন করছে। মার্কিন সংবাদসংস্থা এপি নিউজ এ তথ্য জানিয়েছে।মাঝেমাঝেই ১০ নং ডাউনিং স্ট্রিটের রাস্তায় ল্যারিকে শুয়ে থেকে আয়েশ করতে দেখা যায়। ছবি: এপি

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে লন্ডনের বিখ্যাত পশু আশ্রয় প্রদানকারী প্রতিষ্ঠান ব্যাটারসি ডগস এন্ড ক্যাটস হোম থেকে ল্যারিকে দত্তক নেওয়া হয় এবং এরপর থেকে বিড়ালটি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের অফিসের ইঁদুর দমনকারী হিসেবে কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ল্যারি কেবল ইঁদুর ধরতে নয়, বরং বিভিন্ন প্রধানমন্ত্রীদের সময়েও ডাউনিং স্ট্রীট-এর সামনে সাংবাদিকদের ক্যামেরার দিকে তাকিয়ে উপস্থিত থাকে। কখনও আবার প্রধান অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতেও দেখা যায় তাকে।

এই ১৫ বছরে ল্যারি ছয়জন প্রধানমন্ত্রী (ডেভিড ক্যামেরন থেকে শুরু করে বর্তমান কিয়ার স্টারমার পর্যন্ত) দেখেছে এবং রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও ডাউনিং স্ট্রিটের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে। ১০ নং ডাউনিং স্ট্রিটের ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে যেকোন মানুষকেই কিছু প্রটোকল মেনে প্রবেশ করতে হয়। কিন্ত ল্যারির রয়েছে অবাধ যাতায়াত করার ক্ষমতা। ছবি: এপি

আরও অনেক আন্তর্জাতিক নেতার সাথে তার সাক্ষাৎও ফুটে উঠেছে ফটো গ্যালারি জুড়ে। যেমন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ল্যারির মুহূর্তগুলো বিভিন্ন সময় সংবাদমাধ্যমগুলোতে প্রচার পেয়েছে।

রাজনৈতিক ব্যস্ততার মাঝে তার বিশ্রামের মুহূর্তগুলো ব্রিটিশদের কাছে ল্যারি-কে শুধুই সরকারি বিড়াল নয়, এমনকি রাজনৈতিক অস্থিরতার মাঝে এক ধরনের স্থিতিশীলতার প্রতীক হিসেবেও তুলে ধরে।