হরমুজ প্রণালি সচল করতে সহযোগিতা করতে চায় ইউক্রেন

রাশিয়ার অব্যাহত হামলার মুখেও কৃষ্ণসাগরীয় জাহাজ চলাচল পথ উন্মুক্ত রাখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার হরমুজ প্রণালি সচল করার প্রচেষ্টায় যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমন্ত্রণ জানানো হলে সামুদ্রিক পথ রক্ষায় ইউক্রেন অবদান রাখতে প্রস্তুত।

জেলেনস্কি বলেন, যদি আমাদের আমন্ত্রণ জানানো হয়, আমরা সাহায্য করব। এই প্রণালি অবশ্যই অবরোধমুক্ত করতে হবে। তবে কীভাবে এই সহযোগিতা করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

কিয়েভের এই প্রস্তাব এমন এক সময়ে এলো যখন কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তাদের সহযোগিতা আরও গভীর হচ্ছে। এর মাধ্যমে ইউক্রেন দীর্ঘমেয়াদি নিরাপত্তা অংশীদার হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছে।

ইতোমধ্যে ইউক্রেনীয় প্রতিনিধি দল বিমান প্রতিরক্ষা, অবকাঠামো সুরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিতে এই অঞ্চলে মোতায়েন রয়েছে।

সূত্র: এপি