তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার, তীব্র গরমে পুড়ছে ইউরোপের সাড়ে ৯ কোটি মানুষ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে মঙ্গলবার (৩০ জুন) মহাদেশটির ৯ কোটি ৫০ লাখের বেশি মানুষ অন্তত ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার মুখোমুখি হবেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

এএফপির হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি প্রভাব পড়বে ইউরোপের পূর্ব ও দক্ষিণাঞ্চলে।

সোমবার ১৩ কোটির বেশি মানুষের ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার মুখোমুখি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই সংখ্যা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক।

পূর্বাভাস অনুযায়ী, তুরস্ক বাদে ইউরোপের প্রতি পাঁচজনের মধ্যে দুজন আজ ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হবেন।

গত সপ্তাহে পশ্চিম ইউরোপকে গ্রাস করার পর রেকর্ডের সবচেয়ে তীব্র এ তাপপ্রবাহ এখন পূর্ব ইউরোপের দিকে ছড়িয়ে পড়ছে।