মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা আঞ্চলিক সমর্থন ছাড়া সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি যুদ্ধ-আসক্ত ইসরায়েলকে কোনোভাবেই ‘নস্যাৎ’ করতে দেওয়া যাবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা এবং অবদান থেকে শক্তি না নিয়ে করা কোনও সমাধানই স্থায়ী হতে পারে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি নস্যাৎ করার জন্য ইসরায়েলি প্রশাসনের চক্রান্ত আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমান যুদ্ধ-আসক্ত ইসরায়েলি সরকারকে আমাদের ভূখণ্ডকে আবারও বারুদ আর রক্তের গন্ধে ডুবিয়ে দিতে দেওয়া যাবে না।"
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সমঝোতা স্মারকটি নস্যাৎ করার জন্য ইসরায়েল চেষ্টা চালাচ্ছে বলে এর আগেও বারবার অভিযোগ করেছেন তুর্কি নেতা। এছাড়া গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলারও বারবার নিন্দা জানিয়েছেন তিনি।