স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও ব্যবসায়িক লেনদেন অবিলম্বে বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক নির্দেশকে খুব একটা পাত্তা দিচ্ছে না মাদ্রিদ। স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব না দিয়ে একে ‘স্বাভাবিক বিষয়’ হিসেবে দেখছে।
স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দেশের চমৎকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক পরিবর্তন করার কোনও ইচ্ছা আমাদের নেই।
তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের দেওয়া ট্রাম্পের এক বক্তব্যের জবাবে স্পেন এই প্রতিক্রিয়া দেখালো। আঙ্কারায় সাংবাদিকদের ট্রাম্প জানান, ইউরোপীয় এই দেশটির সঙ্গে সব বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন।
ন্যাটোতে স্পেনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমরা স্পেনের সঙ্গে আর কোনও বাণিজ্য করতে চাই না। ন্যাটোতে স্পেন অত্যন্ত বাজে এক অংশীদার। তারা অভিযানে অংশ নেয় না, তারা প্রতিরক্ষা খাতে অর্থও দেয় না।
সূত্র: আল জাজিরা