লন্ডনের আকাশে ৪ হাজার ফুট উঁচুতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান। চলতি মাসের ৬ জুলাই জার্মানির ডুসেলডর্ফ থেকে আসা এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় এমন এক ভয়ানক পরিস্থিতির মুখে পড়ে। পরিস্থিতি এতটাই মারাত্মক ছিল যে, একে গত কয়েক বছরের মধ্যে যুক্তরাজ্যের আকাশে সবচেয়ে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার ঘটনা বলে আখ্যা দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির এয়ার ডাটা সিস্টেম হঠাৎ অকেজো হয়ে গেলে এটি স্থবির হয়ে পড়ে। এর অর্থ হলো, ডানার স্বাভাবিক লিফট হারিয়ে বিমানটি অনিয়ন্ত্রিতভাবে উচ্চতা হারাতে শুরু করা এবং সোজা নিচে নাক থুবড়ে পড়ার ঝুঁকিতে পড়া।
প্রাথমিকভাবে ফার্স্ট অফিসার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিপদ ঘনীভূত হলে শেষ মুহূর্তে বিমানের ক্যাপ্টেন নিজে ককপিটের শারীরিক নিয়ন্ত্রণ হাতে নিয়ে নিশ্চিত ধ্বংস থেকে বিমানটিকে রক্ষা করেন। বিমান চলাচলের ইতিহাসে ক্যাপ্টেনের এভাবে সরাসরি হস্তক্ষেপ করার ঘটনা বিরল।
ঘটনাটিকে ইন-ফ্লাইট নিয়ন্ত্রণ হারানো এবং পাইলট প্ররোচিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ভয়াবহ অভিজ্ঞতার পর ক্যাপ্টেনকে মানসিক চাপের ছুটিতে পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।
সূত্র: দ্য সান