কিশোরদের দিয়ে খুন করিয়ে ইউরোপ কাঁপাচ্ছে যে চক্র

কম্পিউটার গেমসের মতো অনলাইন নির্দেশনা মেনে নির্দিষ্ট জায়গায় গিয়ে লুকানো অস্ত্র আর টাকা উদ্ধার করা, এরপর লক্ষ্যবস্তু খতম, এভাবেই ভাড়াটে খুনি হিসেবে ইউরোপজুড়ে কিশোরদের ব্যবহার করছে ফক্সট্রট নেটওয়ার্ক নামের এক সংঘবদ্ধ অপরাধী চক্র। গত বছর স্টকহোমের উপশহরে আতিলা আজিমভ (১৮) নামের এক তরুণ ভুল মানুষকে গুলি করে হত্যা করে। ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকা এই গ্যাংটি কিশোরদের টাকা দেওয়ার লোভ দেখিয়ে খুনি হিসেবে ভাড়া করলেও তারা ধরা পড়ে যাওয়ায় সাধারণত কোনও টাকাই দেয় না।

সুইডিশ সম্প্রচারমাধ্যম এসভিটি-এর অনুসন্ধানী সাংবাদিক ডায়াম্যান্ট সালিহু জানান, ফক্সট্রট নেতা রাওয়া মজিদ বর্তমানে তেহরানে বসে নেটওয়ার্ক পরিচালনা করছেন এবং ইরানি শাসকগোষ্ঠীর নির্দেশ অনুযায়ী তাদের শত্রু ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছেন।

ইউরোপোল গঠিত ওটিএফ গ্রিম নামের ১১ দেশের যৌথ পুলিশ গ্রুপ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তারা জানায়, টিকটক বা সামাজিক যোগাযোগমাধ্যমে গেমসের ধাঁচে কিশোরদের ভাড়াটে খুনি হিসেবে নিয়োগ করা হয়।

সম্প্রতি যুক্তরাজ্যে হডার্সফিল্ডে এক রাজনৈতিক হত্যাকাণ্ডের উদ্দেশ্যে আসা নরওয়েজিয়ান তরুণ জোহানেস নাটল্যান্ড এবং তাকে নিয়োগ দেওয়া ১৬ বছর বয়সী কিশোর জেনারেলেন পুলিশের হাতে ধরা পড়েছে।

ইউরোপোলের ইউরোপীয় সিরিয়াস অ্যান্ড অর্গানাইজড ক্রাইম সেন্টারের প্রধান অ্যান্ডি ক্রাগ একে ‘পরিকল্পিতভাবে কিশোরদের দিয়ে খুন করানো’ হিসেবে আখ্যা দিয়েছেন। ১৫ মাসে ইউরোপের পুলিশ ২৮০টিরও বেশি গ্রেফতার পরিচালনা করেছে, যার মধ্যে এজেন্ট-৪৭ ছদ্মনামের প্রধান সমন্বয়ক আলী শেহাদ আহমেদ এবং সাবেক র‍্যাপার মোহামেদ মোধি অন্যতম। তবে মূল হোতা রাওয়া মজিদ এখনও ইরানে নিরাপদ থাকায় এবং ডালেন নেটওয়ার্ক-এর মতো অন্য গ্যাংগুলোও এই খুনি নিয়োগের একই পদ্ধতি চালু করায় ইউরোপজুড়ে কিশোর হিটম্যানের এই আতঙ্ক কাটেনি।

সূত্র: বিবিসি