ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার দিবাগত রাতে দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর সোমবার তিনি এ দাবি করেন।

জেলেনস্কি জানান, জাপোরিজ্জিয়ায় চালানো হামলায় অন্তত ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন, যেখানে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সোমবার সন্ধ্যার ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে না রাশিয়া।

তিনি সতর্ক করে বলেন, ইউক্রেন তথা ইউরোপে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও সেনার ব্যবহার যত বাড়বে, তারা তত নিজেদের ঘাটতি ও দুর্বলতাগুলো শুধরে নেবে। এটি গোটা বিশ্বের জন্যই বিপদ ডেকে আনছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া শনিবার তিনি সতর্ক করে জানান, রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে উত্তর কোরিয়ার প্রায় ৫০ হাজার পর্যন্ত সেনা পাঠানো হচ্ছে।

ভিডিও বার্তায় ইউক্রেনীয় সামরিক বাহিনী কর্তৃক পশ্চিম সাইবেরিয়ার একটি রুশ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে সফল বিমান হামলাকে খুবই তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করেন জেলেনস্কি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইউক্রেনের এমন আরও দূরপাল্লার হামলা চালানো হবে, যা রাশিয়া ও রুশ জনগণকে বুঝিয়ে দেবে যে শান্তি কতটা প্রয়োজনীয়।

সূত্র: বিবিসি