মদ্যপ অবস্থায় ছোট এক উড়োজাহাজ চুরি করে হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিষিদ্ধ আকাশসীমায় ঢুকে পড়ার অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। পরে তা একটি সূর্যমুখী ক্ষেতে জরুরি অবতরণ করে আছড়ে পড়ে।
হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী রোমুলুস রুসিন-সেন্দি জানান, দক্ষিণ হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছের নো-ফ্লাই জোনে ঢুকে পড়ার পর একটি সেসনা ১৭২ বিমান মিলিটারি রাডারে ধরা পড়ে। পারমাণবিক কেন্দ্রটির দুই মাইলের মধ্যে এবং ২০ হাজার ফুটের নিচে বেসামরিক বিমান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
বিমানটির উপস্থিতি শনাক্ত হওয়ামাত্রই হাঙ্গেরির সেনাবাহিনী দুটি গ্রিপেন ফাইটার জেট পাঠিয়ে দেয়। ফাইটার জেটগুলো বিমানটির অবস্থান শনাক্ত করে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো পর্যন্ত আকাশে চক্কর দিতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই পারমাণবিক কেন্দ্র থেকে মাত্র চার মাইল দূরে একটি সূর্যমুখী ক্ষেতে জরুরি অবতরণ করে ছোট বিমানটি। এতে বিমানটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে অক্ষত থেকে যান ২৪ বছর বয়সী সেই চালক।
পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে এক পথচারীর গাড়ি ছিনতাই করে চম্পট দেওয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে গ্রেফতার করে হেফাজতে নেয়।
প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ঘটনার সময় ওই তরুণ মাতাল ছিলেন। তদন্তকারীদের ধারণা, পাশের ক্যালোচসা বিমানবন্দর থেকে অনুমতি ছাড়াই বিমানটি নিয়ে উড্ডয়ন করেছিলেন ওই তরুণ। কীভাবে তিনি বিমানটিতে ঢুকলেন এবং কেনই-বা এমন ঘটনা ঘটালেন, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
সূত্র: উইয়ন নিউজ