যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন জিনেট র্যাঙ্কিন। ১৯১৬ সালের নভেম্বরে মন্টানা থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। সে সময় যুক্তরাষ্ট্রের অধিকাংশ নারীর ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল না।
র্যাঙ্কিনের নির্বাচনের পথ তৈরি হয় ১৯১৪ সালে মন্টানায় নারীদের ভোটাধিকার দেওয়ার মধ্য দিয়ে। এর দুই বছর পর ৩৬ বছর বয়সী র্যাঙ্কিন অঙ্গরাজ্যটির দুটি প্রতিনিধি পরিষদ আসনের একটিতে জয়ী হন। তবে একজন নারী কংগ্রেস সদস্য হওয়া উপযুক্ত কি না-এ নিয়ে প্রায় এক মাস বিতর্কের পর ১৯১৭ সালের ২ এপ্রিল তিনি শপথ নেন।
নির্বাচিত হওয়ার পর র্যাঙ্কিন বলেছিলেন, আমি হয়তো কংগ্রেসের প্রথম নারী সদস্য, কিন্তু শেষজন নই।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিপক্ষে ভোট দেওয়া কংগ্রেসের একমাত্র সদস্য ছিলেন র্যাঙ্কিন। কংগ্রেসে থাকাকালে নারীদের ভোটাধিকার ও সামাজিক সংস্কারের পক্ষে কাজ করেন তিনি। ১৯৪১ সালে দ্বিতীয়বারের মতো প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন।
অবশেষে ১৯২০ সালের ২৬ আগস্ট মার্কিন সংবিধানের ১৯তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে দেশজুড়ে নারীদের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত হয়।
সূত্র: এনডিটিভি