রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি

আসন্ন শীত মৌসুমে ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার বিমান হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কায় কিয়েভকে নিজদের মজুদ থেকে বাড়তি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনের সমর্থক দেশগুলোর এক ভিডিও কনফারেন্সে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জরুরি ভিত্তিতে এসব পিএসি-২ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্তের কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সম্মেলনে বরিস পিস্টোরিয়াস সতর্ক করে বলেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী খুব ধীরগতিতে এগোতে থাকায় তারা এখন বিমান হামলার মাধ্যমে ইউক্রেনের অর্থনৈতিক ভিত্তি, বিদ্যুৎকেন্দ্র, বন্দর ও নাগরিক অবকাঠামো ধ্বংস করার পথ বেছে নিয়েছে। শীতের কারণে তাপমাত্রা কমলে এই বিমান হামলার মাত্রা বহুগুণ বাড়বে এবং ক্ষতির পরিমাণ আরও বড় আকার ধারণ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। পিস্টোরিয়াস জানান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জার্মানি ইউক্রেনকে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দূরপাল্লার গোলাবারুদ সরবরাহ অব্যাহত রাখবে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা জানান, কিয়েভ প্রায় ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয়ের চুক্তির প্রক্রিয়া চালালেও সেগুলো হাতে পেতে কয়েক বছর সময় লাগবে। তাই মিত্র দেশগুলোকে তাদের বর্তমান মজুদ থেকেই ইউক্রেনকে সহায়তা করার অনুরোধ জানান তিনি। 

অন্যদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে সব পক্ষকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা ২০২২ সালের মে মাসের পর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া ৯০ বিলিয়ন ইউরোর একটি তহবিলের কিছু অংশ ব্যবহার করে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ব্যবস্থার জরুরি রসদ কেনার বিষয়ে সম্মত হয়েছে সদস্য রাষ্ট্রগুলো।