ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন

পশ্চিম তীরে ইসরায়েলের বসতিগুলো আন্তর্জাতিক আইনে অবৈধ- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব সদস্য রাষ্ট্র এ বিষয়ে একমত বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কাল্লাস। ব্রিটেন ও আরও ১১টি দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞার সমর্থন ঘোষণার পর এ কথা জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কায়া কাল্লাস বলেন, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের বসতি সম্প্রসারণ কার্যকর দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তার সবচেয়ে বড় দাতা হিসেবে ইইউর অবস্থান অব্যাহত রয়েছে।

কাল্লাস জানান, নিরাপদ ও স্বীকৃত সীমান্তের মধ্যে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাসকারী দুটি রাষ্ট্রের ভিত্তিতে একটি সার্বিক, ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইইউ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্প্রতি পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যসহ ১২টি দেশ।