ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বোরকা ও হিজাব পরা নিষিদ্ধ করার পাশাপাশি প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আইনগতভাবে নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। ক্লাসরুমে যেন ইতালীয় শিশুরা নিজেদের সংখ্যালঘু মনে না করে, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে রবিবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
নিজ দল ব্রাদার্স অব ইতালি (এফডিআই)-র যুব সংগঠন আয়োজিত জাতীয় যুব উৎসব ফেনিক্স-এ বক্তব্য দেওয়ার সময় মেলোনি বলেন, ইতালির শিশুরা শ্রেণিকক্ষে নিজেদের সংখ্যালঘু মনে করবে, তা হতে পারে না। কোনও ইতালীয় ক্লাসরুমে দেশের শিশুরা কোণঠাসা বোধ করবে, এটা চিন্তাই করা যায় না।
ভূমধ্যসাগরীয় ভৌগোলিক অবস্থানের কারণে ইতালি অভিবাসীদের অন্যতম প্রধান প্রবেশদ্বার। ফলে দেশটির সমাজে ও রাজনীতিতে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলো থেকে আসা অভিবাসীদের খাপ খাইয়ে নেওয়া বা একত্রীকরণ সব সময়ই একটি আলোচনার বিষয়। ধর্মীয় প্রতীক, সাংস্কৃতিক মেলবন্ধন ও নাগরিকত্ব বিধি নিয়ে সেখানে প্রতিনিয়তই জনমত বিভক্ত হয়।
মেলোনি জানান, শিগগিরই মন্ত্রিপরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করা হবে। যেখানে প্রতিটি ক্লাসে সর্বোচ্চ কতজন বিদেশি শিক্ষার্থী থাকতে পারবে তা আইন দিয়ে নির্দিষ্ট করা হবে। পাশাপাশি, যেসব বিদেশি শিক্ষার্থীর ইতালীয় শিক্ষা ব্যবস্থায় খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে, তাদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে এবং স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ থাকবে।
শিক্ষার্থীদের ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে মেলোনি বলেন, যদি একটি ক্লাসে কেবল একজন শিশু ইতালীয় ভাষা না বোঝে, তবে সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় সে দ্রুত ভাষাটি শিখে মানিয়ে নিতে পারে। কিন্তু যদি ভাষা না বোঝা শিশুর সংখ্যা অনেক বেশি বা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, তবে তা আর মানিয়ে নেওয়া থাকে না, তা অবহেলায় পরিণত হয়।
তবে প্রতিটি ক্লাসে কতজন বিদেশি শিক্ষার্থী থাকতে পারবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সংখ্যা এখনও জানাননি তিনি। গবেষণা প্রতিষ্ঠান ফন্দাজিওনে আইএসএমইউ-র তথ্য অনুযায়ী, ইতালির স্কুলগুলোতে মোট নথিভুক্ত শিক্ষার্থীদের ১১.৬ শতাংশ বিদেশি নাগরিক।
মুখ ঢাকা পোশাক পরিধানের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে মেলোনি বলেন, স্কুলে যেতে হবে মুখ খোলা রেখে। ইতালিতে প্রকৃত বা তথাকথিত কোনও ঐতিহ্যের দোহাই দিয়ে কোনও তরুণীকে নিজেকে লুকিয়ে রাখতে বাধ্য করার অধিকার কারও নেই।
সূত্র: ইউরো নিউজ