ইতালির সরকার স্কুলে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ এবং শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিকল্পনা এগিয়ে নিয়েছে। নতুন এই নিয়ম ভঙ্গ করলে জরিমানারও বিধান রাখা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রবিবার জাতীয়তাবাদী-রক্ষণশীল ব্রাদার্স অব ইতালি (এফডিআই) দলের যুব শাখার এক সমাবেশে প্রস্তাবিত পরিবর্তনগুলোর কথা জানান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এর আগে বৃহস্পতিবার তার মন্ত্রিসভা একটি ডিক্রি-আইন অনুমোদন করে। এর আওতায় স্কুলে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার পাশাপাশি আগামী বছর থেকে শ্রেণিকক্ষে ইতালীয় ভাষায় কথা বলতে পারে না- এমন শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমিত করার কথা বলা হয়েছে। নতুন এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ১৪০ ডলার বা ১ হাজার ইউরো জরিমানা করা হতে পারে।
ডিক্রি-আইন হওয়ায় এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে। তবে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলাও এতে স্বাক্ষর করবেন। তবে শিক্ষা ক্ষেত্রে কোনও ধরনের বাধা তৈরি করার বিষয়ে তিনি সতর্ক বলে চলতি সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন।
জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইতালীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা এবং স্কুলে বোরকা-নিকাব ‘বন্ধ করার’ মতো পদক্ষেপগুলো বিভাজন সৃষ্টি করে না, বরং ‘সাধারণ বোধের’ বিষয়। তিনি লেখেন, আমরা যে পথে এগিয়ে যেতে চাই, সেটি হলো এমন একটি স্কুলব্যবস্থা, যা নিয়ম বিসর্জন না দিয়ে একীভূত করে, যাদের বেশি সমস্যা রয়েছে তাদের সহায়তা করে এবং সবাইকে একই জায়গা থেকে শুরু করার সুযোগ দেয়।
তবে সরকারের বিরোধীরা বলছেন, আগামী বছরের নির্বাচনের আগে সাবেক সেনা কর্মকর্তা রবার্তো ভান্নাচ্চির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি ন্যাশনাল ফিউচার (এফএন) দলের বাড়তে থাকা জনপ্রিয়তা মোকাবিলায় সরকার এসব নিয়ম ব্যবহার করছে। প্রসঙ্গত‘রিমাইগ্রেশন’ বা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রচারণার অংশ হিসেবে স্কুলকে গুরুত্বপূর্ণ ইস্যু বানানো এফএন গত জুলাইয়ে স্কুলে বোরকা নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।
Oggi abbiamo approvato in Consiglio dei Ministri il decreto sulla scuola.
— Giorgia Meloni (@GiorgiaMeloni) September 24, 2026
Un limite del 30% nelle classi per gli studenti che non conoscono adeguatamente l’italiano, più strumenti per imparare la nostra lingua e stop a burqa e niqab a scuola.
Strumenti di buonsenso che non… pic.twitter.com/JEbie74wYy