ইরানের ড্রোন হামলার শঙ্কায় যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ইরানের সম্ভাব্য জটিল ড্রোন হামলার আশঙ্কার পর সেখান থেকে নিজেদের বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে মঙ্গলবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুজন মার্কিন কর্মকর্তা।

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে কোনও প্রকার ড্রোন হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। মার্কিন বোমারু বিমানের জন্য ইউরোপের সবচেয়ে পছন্দের ঘাঁটি হিসেবে পরিচিত এটি। অন্যদিকে, এই হামলার চক্রান্ত সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে লন্ডনে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে ২২ বছর বয়সী এক ব্রিটিশ যুবককে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

নিরাপত্তা ও সরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের এক মুখপাত্র সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, গোয়েন্দা তথ্য সম্পর্কিত বিষয়ে কোনও আলোচনা করা অনুচিত এবং আমরা সুনির্দিষ্ট সামরিক সুরক্ষা ব্যবস্থার বিষয়েও কথা বলব না।

তবে ওই মুখপাত্র আরও বলেন, বিভিন্ন সামরিক অভিযানের মাধ্যমে যা প্রমাণিত হয়েছে, আমেরিকার বি-১, বি-২ ও বি-৫২ বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে উড্ডয়ন ও অবতরণ করে যেকোনো সময়, যেকোনও স্থানে নিখুঁত ও বিশ্বব্যাপী হামলা চালানোর ক্ষমতা রাখে।