ভারতের রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছে কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকেরা এই ফলাফলকে আগামী ডিসেম্বরে তিন বছর পূর্ণ করতে যাওয়া ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের প্রতি গ্রামীণ ভোটারদের অসন্তোষের ইঙ্গিত হিসেবে দেখছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের (এসইসি) প্রকাশিত ফলাফল অনুযায়ী, পঞ্চায়েত সমিতির আসনে কংগ্রেস পেয়েছে ৩ হাজার ৭৫৮টি এবং বিজেপি পেয়েছে ২ হাজার ২১৩টি আসন। অন্যদিকে জেলা পরিষদের আসনে কংগ্রেস ৭৯৪টি আসনে জয়ী হয়েছে, যেখানে ক্ষমতাসীন বিজেপি পেয়েছে ৩৫৭টি আসন। ভোট গণনা হওয়া ৩৭টি জেলার মধ্যে ৩৩টিতেই বিজেপির চেয়ে বেশি পঞ্চায়েত সমিতির আসন জিতেছে কংগ্রেস। ক্ষমতাসীন বিজেপি কেবল চারটি জেলায় এগিয়ে থাকতে পেরেছে- আজমির, বালোত্রা, সালুম্বার ও উদয়পুর।
জেলা পরিষদ নির্বাচনে অন্যান্য দলের মধ্যে আরএলপি পেয়েছে ৫১টি, বিএপি ৪৩টি, বিএসপি সাতটি এবং সিপিআই(এম) ছয়টি আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ১৩টি আসনে।
রাজনৈতিক বিশ্লেষক মণীশ গোধা জানান, রাজস্থানে ঐতিহাসিকভাবেই শহরের স্থানীয় সংস্থাগুলোতে বিজেপি এবং গ্রামীণ এলাকায় কংগ্রেস আধিপত্য বজায় রাখে। তিনি বলেন, ‘কংগ্রেস গ্রামীণ এলাকায় তাদের ঐতিহ্যগত সুবিধা ধরে রেখেছে। তবে আগের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবার কংগ্রেস উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে’।
এই রায়ের প্রতিক্রিয়ায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বিজেপি সরকারের কথিত অবহেলার বিরুদ্ধে গ্রামীণ ভোটাররা স্পষ্ট বার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি জনকল্যাণমূলক উদ্যোগগুলোর প্রতি জনগণের অব্যাহত আস্থার কথাও উল্লেখ করেন। অন্যদিকে বিজেপির মুখপাত্র রাম লাল শর্মা জানিয়েছেন, দলীয় সংগঠন এই ফলাফল পর্যালোচনা করবে, ঘাটতিগুলো চিহ্নিত করবে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেবে।
চীন-পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি: মার্কিন প্যানেল