সাহিত্যে নোবেলজয়ী কে এই অ্যান কার্সন?

২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন তিনি। তার সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

জন্ম ও প্রারম্ভিক জীবন

অ্যান প্যাট্রিসিয়া কার্সন ১৯৫০ সালের ২১ জুন কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ব্যাংকার, এবং তিনি কানাডার বিভিন্ন ছোট শহরে শৈশব অতিবাহিত করেন। হাইস্কুলে পড়ার সময় একজন ল্যাটিন শিক্ষকের অনুপ্রেরণায় তিনি প্রাচীন গ্রিক ভাষা ও সংস্কৃতির প্রতি গভীরভাবে আকৃষ্ট হন এবং পরবর্তীতে এটিই তার সাহিত্যজীবনের মূল ভিত্তি হয়ে ওঠে।

শিক্ষা ও কর্মজীবন

  • তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্ট মাইকেলস কলেজ থেকে পড়াশোনা করেন এবং সেখান থেকেই ১৯৭৪ সালে বিএ, ১৯৭৫ সালে এমএ এবং ১৯৮১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়েও গ্রিক মেট্রিক্স নিয়ে পড়াশোনা করেছেন।
  • পেশাগত জীবনে তিনি একজন ক্লাসিকস বা ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক হিসেবে বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মেমন- মিশিগান বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন, বার্কলে ইত্যাদিতে শিক্ষকতা করেছেন।

সাহিত্যকর্ম ও লেখার ধরন

অ্যান কার্সনের লেখালেখি প্রচলিত ধারা ও জেনারের সীমানা অতিক্রম করে। তার সাহিত্যকর্মে কবিতা, প্রাবন্ধিক গদ্য, অনুবাদ এবং ধ্রুপদী মিথলজির আধুনিক ও পোস্ট-মডার্ন রূপায়ণ একসঙ্গে মিশে থাকে। প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যের সঙ্গে সমসাময়িক বাস্তবতার মেলবন্ধন তার লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

তার কিছু বিখ্যাত গ্রন্থ

  • ইরোস দ্য বিটারসুইট (১৯৮৬)-কাম ও অনুরাগের স্বরূপ নিয়ে লেখা একটি মনস্তাত্ত্বিক ও দার্শনিক বই।
  • অটোবায়োগ্রাফি অব রেড (১৯৯৮)-গ্রিক পৌরাণিক চরিত্রকে কেন্দ্র করে পদ্যে রচিত একটি অভিনব উপন্যাস।
  • দ্য বিউটি অব দ্য হাজব্যান্ড (২০০১)-এই কাব্যগ্রন্থটির জন্য তিনি মর্যাদাপূর্ণ টি. এস. এলিয়ট পুরস্কার লাভ করেন।
  • নক্স (২০১০)-তার মৃত ভাইয়ের স্মরণে লেখা এক গভীর ও শোকাত্মক শিল্পকর্ম।

সম্মাননা ও স্বীকৃতি

অ্যান কার্সন তার সাহিত্যিক অবদানের জন্য আন্তর্জাতিকভাবে বহু খ্যাতনামা পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ম্যাকআর্থার ফেলোশিপ, গ্রিফিন পোয়েট্রি প্রাইজ, প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড এবং মর্যাদাপূর্ণ সাহিত্যে নোবেল পুরস্কার। প্রাচীন ধ্রুপদী ঐতিহ্যকে আধুনিক ও উদ্ভাবনী উপায়ে সমসাময়িক সাহিত্যের রূপদানে অনন্য ভূমিকা রাখার জন্য তাকে এই সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা হয়। সর্বশেষ তিনি সাহিত্য নোবেল পুরষ্কার-২০২৬ সম্মানায় ভূষিত হলেন।