যুদ্ধক্ষেত্রের যোগাযোগ ও ড্রোন অভিযানে ইউক্রেনের ব্যবহৃত একটি স্যাটেলাইট ব্যবস্থা সীমিত করার নির্দেশ এসেছিল হোয়াইট হাউসের ভেতর থেকে। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা ও একজন পশ্চিমা কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য স্পেসএক্সের স্টারশিল্ড সেবা ধীর করতে হবে এমন বার্তা পেয়েছিলেন প্রতিরক্ষা বিভাগের নেতারা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তারা হোয়াইট হাউসের কে এ সিদ্ধান্ত নিয়েছেন বা কে তা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন, তা নির্দিষ্ট করে বলেননি। স্টারলিংক সেবার সামরিক সংস্করণ স্টারশিল্ডের সবচেয়ে বড় ক্রেতা পেন্টাগন।
এ সপ্তাহে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, দ্রুতগতির বস্তুতে লাগানো অবস্থায় সামরিক মানের স্টারলিংক রিসেপ্টর কাজ করা বন্ধ করে দিয়েছিল। এতে ইউক্রেনের আকাশসীমায় অনবোর্ড গাইডেন্স ব্যবস্থার জন্য এগুলোর ওপর নির্ভরশীল ড্রোনের কার্যক্ষমতা ব্যাহত হয়। বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জানান, রিসেপ্টরগুলো এখন চলন্ত অবস্থায় কাজ করছে, তবে গতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মাইল বা ১৬০ কিলোমিটার পর্যন্ত।
তেল শোধনাগারে হামলা নিয়ে ইউক্রেনকে চাপ যুক্তরাষ্ট্রের
গুরুত্বপূর্ণ এই যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে সীমিত করার পদক্ষেপ এসেছে এমন সময়, যখন রুশ শোধনাগারে হামলা বন্ধে কিয়েভকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানির আকাশছোঁয়া দামের জন্য তিনি এসব হামলাকে দায়ী করছেন। এ দাম নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান দলের সম্ভাবনায় আঘাত হানছে। তবে বিশেষজ্ঞদের মতে, জ্বালানি খরচ বাড়ার মূল কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ, যাতে ইরান জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি মূলত বন্ধ হয়ে গেছে।
স্টারশিল্ড সীমিত করার আদেশ নিয়ে মন্তব্য চাইলে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট কখনও এমন অনুরোধ করেননি। প্রশাসনের অন্য কর্মকর্তারা অনুরোধ করেছেন কিনা, এ প্রশ্নের জবাব দেয়নি হোয়াইট হাউস।
স্পেসএক্স সরকারি ও জাতীয় নিরাপত্তা ক্রেতাদের জন্য, বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জন্য বিশেষভাবে স্টারশিল্ড তৈরি করেছে। এর মেরুদণ্ড স্টারলিংক নক্ষত্রপুঞ্জ।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, এসব বিধিনিষেধ দখলকৃত এলাকায় রুশ বাহিনী ও লজিস্টিকসের বিরুদ্ধে হামলা অভিযান জটিল করেছে এবং ইউক্রেনের দিকে আসা রুশ শাহেদ ড্রোন ভূপাতিত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ড্রোনকে ধীর করেছে।
স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বুধবার এক্সে বলেন, স্টারশিল্ড ব্যবস্থার মালিকানা ও নিয়ন্ত্রণ মার্কিন সরকারের হাতে থাকায় গতি বা ব্যবহারের যেকোনও সীমা ঠিক করে মার্কিন সামরিক বাহিনী বা প্রেসিডেন্ট। মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি স্পেসএক্স। প্রতিরক্ষা বিভাগ ও ওয়াশিংটনে ইউক্রেনের দূতাবাসও সাড়া দেয়নি।