ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (০৭ নভেম্বর) ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ধ্বংসাবশেষ পড়ে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
টেলিগ্রামে ক্লিচকো লেখেন, কিয়েভের শহরতলিতে বিস্ফোরণ। শত্রু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অবকাঠামোয় আঘাত হানছে। তিনি জানান, রাজধানীর পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনে ধ্বংসাবশেষ আঘাত হেনেছে। আরেকটি আবাসিক ভবনের সম্মুখভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে।
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে শহরের সামরিক প্রশাসন জানায়, হামলায় দুজন আহত হয়েছেন এবং একটি কিন্ডারগার্টেন থাকা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কয়েক ঘণ্টা পরও আরও হামলার আশঙ্কা নিয়ে বাসিন্দাদের সতর্ক করছিলেন কর্মকর্তারা।
এর আগে রাতের ভিডিও ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া জ্বালানি স্থাপনা, সেতু ও অন্যান্য অবকাঠামোয় নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের সমাধানে আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার আলোচকদের নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা শুরুর তিন দিন আগে এ হামলা হলো। সর্বশেষ এমন আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে।