বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগরের শহর বুর্গাসকে সংযোগকারী ট্রাকিয়া মহাসড়কে তীব্র কুয়াশার কারণে প্রায় ৫০টিরও বেশি যানবাহনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ইয়াম্বোল শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে চালকদের দৃশ্যমানতা মাত্র ৩০ মিটারে নেমে এসেছিল। বুর্গাসমুখী লেনে একটি বাস ও ট্রাকের সংঘর্ষের মাধ্যমে ঘটনার সূচনা হয়, যা দ্রুত একের পর এক গাড়ির সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ তদারকি করে দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ নিশ্চিত করে বলেন, এই মুহূর্তে নিহতের সংখ্যা ১১ জন এবং আহত ৪৮ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম উদ্ধার অভিযান জোরদার করেছে। ইয়াম্বোলের ট্রাফিক পুলিশ প্রধান তোদর মিশিনেভ জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব অংশ কেটে আটকে পড়া মানুষদের বের করা হচ্ছে।
অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক গাড়িচালক সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, লাল রঙের একটি ট্রাক পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয়। আমি সহকর্মীকে চেপে ধরে থাকতে বলতেই ছিটকে গিয়ে আইল্যান্ডে ধাক্কা খাই। কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক গাড়ি একে অপরের ওপর আছড়ে পড়তে থাকে।
বাসের এক যাত্রী বলেন, প্রকৃত আতঙ্ক ছিল বাসের ভেতরে। শস্যের ছাই ওপর থেকে পড়ছিল, কাঁচ ভেঙে পড়ছিল এবং আমরা একে অপরের ওপর স্তূপ হয়ে পড়ে গিয়েছিলাম।
প্রধানমন্ত্রী রুমেন রাদেভ ঘটনাটিকে ‘ট্র্যাজেডি’ হিসেবে আখ্যা দিয়েছেন। সফর সংক্ষিপ্ত করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রোবার্টা মেটসোলা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে