রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সংকটের মুখে পড়েছে। রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। এতে শীতের মধ্যে অন্ধকার, পানি ও তাপের সংকটে পড়েছেন লাখো মানুষ। কর্মকর্তারা আশঙ্কা করছেন, প্রতিদিন অন্তত চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে লাখো মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে উঠবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

কিয়েভের সাততলা ভবনের বাসিন্দা দারিনা কুলচিৎসকা দুই সন্তানকে নিয়ে একাই সংসার সামলান। তার প্রতিদিনের জীবন এখন বিদ্যুৎ সরবরাহের অনিশ্চিত সময়সূচির ওপর নির্ভরশীল। বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যায় বাতি, ইন্টারনেট ও পানির সরবরাহ। কারণ, ভবনের ওপরের তলায় পানি তুলতেও বিদ্যুতের প্রয়োজন হয়। দারিনা জানান, গত কয়েক দিনে দিনে মাত্র চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পেয়েছেন তারা। কখনও দুই ঘণ্টা বিদ্যুৎ থাকার পর টানা আট ঘণ্টা বন্ধ থাকছে।

গত অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে বিদ্যুৎ বন্ধ রাখার ব্যবস্থা চালু হয়েছে। এর জবাবে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে ইউক্রেন।

কিয়েভের কোনও কোনও পরিবারকে দিনে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দারিনার বাসায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে বসে পড়েন তিনি ও তার দুই সন্তান। লিফট বন্ধ হয়ে যায়, পানির সরবরাহও থেমে যায়। টর্চ ও এলইডি মোমবাতির আলোয় তারা কার্ড খেলে সময় কাটান।

বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ ক্ষতি

কিয়েভে পরিস্থিতি সবচেয়ে খারাপ। বিদ্যুৎ সংকটে কখনও কখনও মেট্রোরেল ও ট্রলিবাস চলাচলও বন্ধ হয়ে যাচ্ছে। দেশজুড়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লাখো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটিয়েছেন।

ইউক্রেনের অন্যতম বড় একটি বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ধ্বংস হয়ে গেছে। নিরাপত্তার কারণে কেন্দ্রটির নাম প্রকাশ করা হয়নি। সেখানে টারবাইন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, ভেঙে গেছে পাইপ ও বিভিন্ন যন্ত্রাংশ। ফলে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। হামলার সময় নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বে ছিলেন ভলোদিমির কোভালেঙ্কো। ২৫ বছর ধরে ওই কেন্দ্রে কাজ করছেন তিনি। তার ভাষ্য, রাত তিনটার দিকে চালানো হামলাটি ছিল তাদের অভিজ্ঞতার সবচেয়ে ভয়াবহ ঘটনা।

কেন্দ্রটি পুনর্নির্মাণের কাজেও বাধা তৈরি করছে নিয়মিত বিমান হামলার সতর্কতা। প্রতি ১৫ থেকে ৩০ মিনিটে সতর্কসংকেত বাজছে। চার ঘণ্টার পরিদর্শনকালে সাতবার সতর্কতা জারি হতে দেখা গেছে। প্রতিবারই কাজ বন্ধ করে কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে হচ্ছে।

 শীতের আগে বিদ্যুৎ ফেরানো কঠিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিদ্যুতের চাহিদা পূরণের মতো উৎপাদন সক্ষমতা এখনও দেশটির রয়েছে। মূল সমস্যা হলো, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও সাবস্টেশনের কারণে উৎপাদিত বিদ্যুৎ মানুষের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পৌঁছানো যাচ্ছে না। রাশিয়া বিদ্যুতের খুঁটি ও তারে লুকিয়ে থাকা বিশেষ ড্রোন ব্যবহার করছে, যেগুলো বিস্ফোরণের আগে শনাক্ত করা কঠিন।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকের প্রধান নির্বাহী ম্যাক্সিম তিমচেঙ্কো বলেন, গত বছরের তুলনায় এবার হামলার মাত্রা ও ব্যবহৃত অস্ত্রের শক্তি বেড়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র পুনর্নির্মাণে আগামী গ্রীষ্ম পর্যন্ত সময় লাগতে পারে। হামলার ঝুঁকির কারণে কর্মীরা দিনে মাত্র এক-দুই ঘণ্টা কার্যকরভাবে কাজ করতে পারছেন।

এদিকে শীতের তীব্রতা বাড়ার আগেই কিয়েভ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা ভাবছেন অনেকে। দারিনাও সন্তানদের নিয়ে নিরাপদ বা উষ্ণ কোনও জায়গায় যাওয়ার কথা ভাবছেন। তবে আত্মীয়স্বজন ও বন্ধুদের ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারছেন না। বিদ্যুৎহীন জীবনের মানসিক চাপ তাঁর ওপর প্রভাব ফেলছে। তার মেয়েও ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে।

তারপরও দারিনা বলেন, বিদ্যুৎ ছাড়া বাঁচতে চান না তারা। কিন্তু ইউক্রেনের মানুষের কাছে এখন বিদ্যুৎহীন থাকা রুশদের অধীনে থাকার চেয়ে ভালো। ভয় পেলেও তারা রাশিয়ার কাছে নতি স্বীকার করতে চান না।