ইউক্রেন দুই দিনে দ্বিতীয়বারের মতো দক্ষিণ রাশিয়া ও ক্রিমিয়াকে যুক্ত করা কৌশলগত গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) কৃষ্ণ সাগরের উপদ্বীপটির রুশ-সমর্থিত গভর্নর এ কথা জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি ছিল যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার অংশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গভর্নর সের্গেই আকসিওনভ জানান, ২০১৪ সালে ইউক্রেন থেকে রাশিয়ার দখল করে নেওয়া ও সংযুক্ত করা ক্রিমিয়ায় হামলায় দুজন নিহত হয়েছেন এবং সেতু দিয়ে যান চলাচল স্থগিত করা হয়েছে। ইউক্রেন তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
১৯ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেল সংযোগের ক্রিমিয়া সেতু অতীতে ইউক্রেনে রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রতীকী অবকাঠামো প্রকল্প হিসেবে ধরা হয়।
ক্রেমলিন সোমবার জানিয়েছিল, এ সপ্তাহে সেতুতে প্রথম হামলায় সামান্য ক্ষতি হয়েছে। দ্বিতীয় হামলায় সেতুর কতটা ক্ষতি হয়েছে, মঙ্গলবার তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানায়, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা ঠেকিয়েছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২২টি অঞ্চলের ওপর ১ হাজার ৪৪১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সোমবারের ১ হাজার ৩৩৬টির সংখ্যাকে এটি ছাড়িয়ে গেছে, যা নিজেই ছিল নতুন রেকর্ড।
রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানায়, রাশিয়ার বাশকরতোস্তান অঞ্চলের উফা ও সালাভাতের শিল্পাঞ্চলে বড় ড্রোন হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিয়েছে। এ অঞ্চলে বেশ কয়েকটি তেল শোধনাগার রয়েছে।