ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর দেশের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন রক্ষায় সেনা পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারপন্থি বাহিনী। এর ফলে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকাগুলোর নিয়ন্ত্রণ এখন হুথিদের হাতে চলে গেছে।
রবিবার সৌদি-সমর্থিত সাউদার্ন আর্মড ফোর্সেস জানায়, এডেন ও আশপাশের অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে তারা ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারি শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার অগ্রাধিকার থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হুথি পরিচালিত সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে এ বিষয়ে সৌদি আরব কোনও মন্তব্য করেনি।
গত সেপ্টেম্বরে এক আকস্মিক অভিযানে হুথিরা প্রণালির মুখের পেরিম দ্বীপ ও কৌশলগত বন্দর শহর মোখাসহ গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়। অক্টোবরের শুরুতে সরকারি বাহিনী প্রণালিটি নিরাপদ করার দাবি করলেও এখন পিছু হটতে বাধ্য হলো। হুথিরা জানিয়েছে, এই জলপথ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের জন্য তারা কোনও হুমকি নয়, তবে সৌদি আরবের জাহাজে হামলা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় সৌদি আরব তেল রফতানির জন্য লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। ফলে হুথিদের এই দখলের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।
এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি সব পক্ষকে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, গত আগস্টে সংঘাত বাড়ার পর থেকে নথিভুক্ত বেসামরিক হতাহতের ৬০ শতাংশের বেশি নারী ও শিশু। জাতিসংঘের হিসাব মতে, সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত মানুষ নিহত হয়েছেন।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। গত জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করলে চার বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়ে।
সূত্র: বিবিসি
ন্যাটো ও ইউরোপকে বিভক্ত করতে চায় রাশিয়া
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের