রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়ের আগে যা জানা প্রয়োজন

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা ঐতিহাসিক মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। আইনি প্রক্রিয়া শুরুর প্রায় সাত বছর পর নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) এই রায় পড়া শুরু করবেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া।

১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না, তা এই রায়ে নির্ধারিত হবে। আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনও সুযোগ নেই। ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলাটি দায়ের করেছিল।

মামলার পটভূমি

২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জবাবে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের তদন্তকারীদের তথ্যমতে, ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়, যারা আগে থেকেই সেখানে থাকা কয়েক লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গার সঙ্গে যুক্ত হন।

২০১৮ সালে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান মিশন জানায়, মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করে অভিযানকে ‘বৈধ সন্ত্রাসবিরোধী পদক্ষেপ’ হিসেবে দাবি করে।

কেন গাম্বিয়া মামলাটি করলো?

২০১৯ সালের ১১ নভেম্বর ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে আইসিজেতে মামলাটি করে গাম্বিয়া। ভৌগোলিকভাবে মিয়ানমার থেকে দূরে হলেও উভয় দেশই গণহত্যা সনদে স্বাক্ষরকারী। গাম্বিয়ার যুক্তি ছিল, অপরাধ যেখানেই ঘটুক না কেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা সনদে স্বাক্ষরকারী সব দেশের রয়েছে। আইসিজে গাম্বিয়ার মামলা করার অধিকার বহাল রাখে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ব্যক্তিদের বিচার করলেও আইসিজে রাষ্ট্রগুলোর আইনি দায়বদ্ধতা নির্ধারণ করে।

মিয়ানমারের অবস্থান

মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। ২০১৯ সালের ডিসেম্বরে দেশটির তৎকালীন বেসামরিক নেতা অং সান সু চি সশরীরে আদালতে উপস্থিত হয়ে দাবি করেন, গাম্বিয়া সংঘাতের অসম্পূর্ণ চিত্র তুলে ধরেছে। তিনি অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের সম্ভাবনা স্বীকার করলেও গণহত্যার উদ্দেশ্য থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সামরিক কর্তৃপক্ষ মামলায় মিয়ানমারের পক্ষে লড়াই চালিয়ে যায়। অন্যদিকে গাম্বিয়া বলেছে, সহিংসতার ব্যাপকতা ও পরিকল্পিত ধরন থেকেই রোহিঙ্গাদের ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণিত হয়।

এ পর্যন্ত আইসিজের পদক্ষেপ ও চূড়ান্ত শুনানি

২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে রোহিঙ্গাদের ওপর গণহত্যা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নিতে এবং অপরাধের প্রমাণ সংরক্ষণে মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। ২০২২ সালের ২২ জুলাই আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে দেন। পরবর্তী সময়ে কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১১টি দেশ গণহত্যা সনদের ব্যাখ্যা তুলে ধরতে এই মামলায় হস্তক্ষেপ করে।

চলতি বছরের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল বিষয়ের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে গাম্বিয়া মিয়ানমারকে গণহত্যা সনদ লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা, চলমান নিপীড়ন বন্ধ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন নির্যাতন না করার নিশ্চয়তা চায়। বিচারকরা ২৯ জানুয়ারি রায় পর্যালোচনার কাজ শুরু করেন এবং ৩ নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করেন।

রায়ে কী নির্ধারিত হবে এবং কেন এটি গুরুত্বপূর্ণ?

গণহত্যা সনদে নিষিদ্ধ কাজগুলো মিয়ানমার রোহিঙ্গাদের একটি জাতিগত বা ধর্মীয় গোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ‘সুনির্দিষ্ট উদ্দেশ্য’ নিয়ে করেছিল কি না, সেটিই বিচারকদের মূল বিবেচ্য বিষয়। মিয়ানমারের বিরুদ্ধে রায় গেলে দেশটির আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হবে এবং ক্ষতিপূরণ দেওয়ার আদেশ আসতে পারে। আইসিজের রায় মানা বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার নিজস্ব কোনও ব্যবস্থা আদালতের নেই।

গণহত্যার মূল অভিযোগের ওপর আইসিজের ইতিহাসে এটি হতে যাচ্ছে মাত্র তৃতীয় রায়, যা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এই রায়কে রোহিঙ্গাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। গত ৩ নভেম্বর এক বিবৃতিতে সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের মিয়ানমারবিষয়ক রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের অন্বেষণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য এই রায় তাৎক্ষণিক প্রত্যাবাসন বা ক্ষতিপূরণ নিশ্চিত না করলেও, এটি মিয়ানমারের রাষ্ট্রীয় দায়বদ্ধতার চূড়ান্ত আইনি স্বীকৃতি দেবে।

একনজরে মামলার গুরুত্বপূর্ণ কালপঞ্জি

  • ২৫ আগস্ট, ২০১৭: রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরু; সাত লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে পলায়ন।
  • ২৭ আগস্ট, ২০১৮: জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন কর্তৃক মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার তদন্তের আহ্বান।
  • ১১ নভেম্বর, ২০১৯: আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা দায়ের।
  • ১০-১২ ডিসেম্বর, ২০১৯: হেগের আদালতে অং সান সু চির উপস্থিতি ও গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান।
  • ২৩ জানুয়ারি, ২০২০: গণহত্যা প্রতিরোধ ও প্রমাণ সংরক্ষণে মিয়ানমারকে আইসিজের অন্তর্বর্তীকালীন আদেশ।
  • ১ ফেব্রুয়ারি, ২০২১: মিয়ানমারে সামরিক অভ্যুত্থান; সামরিক কর্তৃপক্ষের অধীনে মামলা পরিচালনা অব্যাহত।
  • ২২ জুলাই, ২০২২: মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে আইসিজের এখতিয়ার নিশ্চিতকরণ।
  • ৩ জুলাই, ২০২৪ ও ২৫ জুলাই, ২০২৫: দুই দফায় কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ মোট ১১টি দেশের হস্তক্ষেপের আবেদন মঞ্জুর।
  • ১২-২৯ জানুয়ারি, ২০২৬: মামলার মূল বিষয়ের ওপর চূড়ান্ত শুনানি সম্পন্ন ও বিচারকদের পর্যালোচনা শুরু।
  • ৩ নভেম্বর, ২০২৬: ১৯ নভেম্বর চূড়ান্ত রায় ঘোষণার দিন ধার্য।

সূত্র: আনাদোলু এজেন্সি