ঢাকার একটি ক্যাফের মালিক একান্ত (ছদ্মনাম)। এক বছর ধরে ব্যাংক থেকে নিজের জমা টাকা তুলতে পারছেন না তিনি। একান্ত বলেন, ‘প্রতিবার ব্যাংকের শাখায় গিয়েছি, কিন্তু কোনও উত্তর পাইনি।’ শুধু তাকে বলা হয়েছে, ব্যাংকে ‘তারল্যসংকট’ চলছে। তবে এই সমস্যায় তিনি একা নন। বাংলাদেশের অন্তত ছয়টি ব্যাংকের আমানতকারীরা অভিযোগ করেছেন, সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার শেষকৃত্যের জন্য জমানো টাকা তারা তুলতে পারছেন না।
বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। এর পেছনে আংশিকভাবে দায়ী শেখ হাসিনার স্বৈরশাসনামলে ব্যাংক থেকে অর্থ লুটপাট। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসন করেছে তার সরকার। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ জমেছে। এসব ঋণের অনেকগুলোই আর কখনও আদায় হবে না। ব্যাংকের মালিকানা ও পরিচালনার সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যবসায়ীদের কেউ কারাগারে, কেউ বা দেশ ছেড়ে পালিয়েছেন।
এর ফলে বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি। তুলনায় ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। পরিস্থিতি এতটাই নাজুক যে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের মূলধন এখন ঋণাত্মক অবস্থায় রয়েছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত, যা ব্যাংকের আর্থিক সক্ষমতা পরিমাপের একটি সূচক, নেমে এসেছে ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে।
এ পরিস্থিতি বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশের বাংলাদেশের বৈপরীত্যকে আরও জটিল করে তুলছে। প্রায় ১৮ কোটি মানুষের এই দেশে অর্থনৈতিক অগ্রগতি ছিল উল্লেখযোগ্য, অথচ রাজনৈতিক পরিস্থিতি বরাবরই ছিল অস্থির।
১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা বাংলাদেশকে ‘বাস্কেট কেস’ বা চরম দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে বর্ণনা করেছিলেন। দারিদ্র্য, বন্যাপ্রবণতা এবং শরণার্থী রফতানি ছাড়া বিশ্ববাজারে উল্লেখযোগ্য কিছু দিতে না পারার মতো নানা সংকটে ছিল দেশটি। কিন্তু সেই বাংলাদেশই পরে উন্নয়নের এক বিস্ময়কর উদাহরণ হয়ে ওঠে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। এসব অর্জন সম্ভব হয়েছিল দুর্বল শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা সত্ত্বেও। কারণ, বাংলাদেশে ত্রুটিপূর্ণ গণতন্ত্র ও সামরিক অভ্যুত্থানের মধ্যে বারবার ক্ষমতার পালাবদল ঘটেছে।
নতুন নির্বাচিত সরকারও এখন নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছে। গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে। কিন্তু ক্ষমতায় এসেই দলটি ব্যাংকিং খাতের সংকট এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রফতানি শিল্প তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষের মুখে পড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও বেগ পেতে হচ্ছে সরকারকে।
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজধানীতে ৫০টির বেশি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে বলে অভিযোগ করেছে সরকার। তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে অনেকে রাজনৈতিক কৌশল বলে মনে করছেন। রক্তক্ষয়ী দমন-পীড়নে ভূমিকার জন্য অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপরও তিনি দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।
বাংলাদেশের অর্থনীতি ও অস্থির রাজনীতির সংযোগস্থল হয়ে উঠেছে ব্যাংকিং খাত। অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক লুটপাট নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘ব্যাংক লুটপাটের যে চোরতান্ত্রিক ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে আমরা পেয়েছি, এখন সেটিই মোকাবিলা করতে হচ্ছে।’
খেলাপি ঋণের বড় অংশ জমেছে দুই ধরনের ব্যাংকে। এর একটি সুদবিহীন ব্যাংকিং নীতিতে পরিচালিত ইসলামি ব্যাংকগুলো, অন্যটি অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের এসব ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অন্যদিকে দেশের সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিস্থিতি তুলনামূলক ভালো।
এর একটি উদাহরণ ইসলামি ব্যাংক। বাংলাদেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকের সঙ্গে একসময় জামায়াতে ইসলামীর সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ থাকা দলটির বিরুদ্ধে ব্যাংকটির মাধ্যমে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয়েছিল। যদিও জামায়াত এ অভিযোগ অস্বীকার করে। পরে এস আলম গ্রুপ জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। এস আলমের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
পরবর্তী সময়ে ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেকই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদকে আর প্রকাশ্যে দেখা যায়নি। জামায়াতে ইসলামীর দাবি, আওয়ামী লীগের পছন্দের ব্যক্তিদের হাতে ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দিতেই শুরুতে এসব অভিযোগ সাজানো হয়েছিল। তবে সাইফুল আলম মাসুদ কোনও ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
অবশ্য খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে একটি ইতিবাচক দিকও রয়েছে। সেটি হলো, ব্যাংকিং খাতে স্বচ্ছতা বেড়েছে। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা চালু করে। এতে ঋণগ্রহীতারা বকেয়া ঋণের মূল টাকার মাত্র ২ শতাংশ পরিশোধ করে বাকি অর্থ পরিশোধ এক বছরের জন্য স্থগিত রাখার সুযোগ পান। পাশাপাশি বাকি ঋণ শোধের জন্য সময় পান ১০ বছর। এই ২ শতাংশ অর্থ পরিশোধের পর ঋণগুলো আর খেলাপি হিসেবে গণ্য হতো না।
২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, বাংলাদেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ হতে পারে। তখন সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ছিল প্রায় ১০ শতাংশ। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। আন্তর্জাতিক মান অনুসরণ করে ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে গণ্য করা শুরু হয়। ফলে বর্তমানে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ শতাংশে।
তবে ব্যাংকিং খাতের এই সংকট দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনার পতনের আগে প্রবৃদ্ধির হার সাধারণত ৬ দশমিক ৫ শতাংশের কাছাকাছি ছিল। যদিও অন্তর্বর্তী সরকার বলেছিল, আগের প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জিত ছিল।
অর্থনীতির এই ধীরগতির পেছনে শুধু ব্যাংকিং সংকট দায়ী নয়। ইরান যুদ্ধের শুরুর দিকে জ্বালানি সংকটের কারণে অনেক কারখানা বন্ধ রাখতে হয়েছিল। এখন শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়বে। কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে প্রবণতা ছিল, এটি তার বিপরীত চিত্র।
এখন পর্যন্ত ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ২ শতাংশের সমান এই অর্থ। তবে সংকট সামাল দিতে তা যথেষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে। ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাবে, আগামী কয়েক বছরে ব্যাংকিং খাতে নতুন করে মূলধন জোগাতে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন।
উদ্বেগের বিষয় হলো, নতুন সরকারও সংকট সমাধানে ধীরগতিতে এগোচ্ছে। গত জুনে আর্থিক সংকটে থাকা কিছু ঋণগ্রহীতার জন্য ঋণ পুনঃ তফসিলের সুযোগ চালু করা হয়েছে। নতুন একটি নিয়মে ব্যাংকগুলোর ঋণের সুদের হার নির্ধারণের ওপরও সীমা আরোপ করা হয়েছে। ফলে ঋণের ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ সুদ নির্ধারণের সুযোগ কমে গেছে।
তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা সমস্যাকে ভবিষ্যতের জন্য ফেলে রাখছি না। ব্যাংকগুলোর আর্থিক বিবরণী স্পষ্ট করার চেষ্টা করছি। কোনও ভালো সম্পদকে সহায়তা দেওয়া প্রয়োজন হলে এবং সামান্য সময় বাড়ালে ঋণ পরিশোধ সম্ভব হলে আমরা তাদের সেই সুযোগ দেব।’
বিদেশ থেকে বড় ধরনের আর্থিক সহায়তা না এলে সংকটে থাকা ব্যাংকগুলোকে নতুন মূলধন জোগানোর মতো পর্যাপ্ত অর্থ সরকারের হাতে নেই। ব্যাপক কর ফাঁকির কারণে সরকারের রাজস্ব আয় খুবই কম। জিডিপির মাত্র ৭ শতাংশের সমপরিমাণ রাজস্ব সংগ্রহ করে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও এ হার কম। উদাহরণ হিসেবে পাকিস্তান জিডিপির প্রায় ১০ শতাংশ রাজস্ব সংগ্রহ করে।
এদিকে খাদ্য ও জ্বালানিতে ভর্তুকিসহ বিভিন্ন খরচ মেটাতে সরকার জিডিপির ৩ দশমিক ৩ শতাংশের সমপরিমাণ বাজেট ঘাটতিতে রয়েছে। ফলে ব্যয় নির্বাহে সরকারকে ব্যাংকের ওপর নির্ভর করতে হচ্ছে। এর মধ্যে মূলত বেসরকারি ও তুলনামূলক শক্তিশালী ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের জরুরি তারল্য সহায়তাও বাজারে অর্থের সরবরাহ বাড়াচ্ছে। এর প্রভাব পড়ছে মূল্যস্ফীতিতে।
বাংলাদেশের অর্থনীতিতে এখন একদিকে প্রবৃদ্ধির গতি কমছে, অন্যদিকে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নটিও জড়িয়ে গেছে। এক অর্থনীতিবিদের মতে, বিএনপির সঙ্গে সম্পর্কিত প্রভাবশালী ব্যবসায়ীরা গত ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে ছিলেন। এখন তারাও ব্যাংক থেকে অর্থ লুটপাটের সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকতে পারেন। এতে একদিকে ব্যাংকিং খাত সংস্কারের উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে, অন্যদিকে নতুন একদল সুবিধাভোগী গড়ে ওঠার আশঙ্কাও রয়েছে।
বাংলাদেশের সাবেক এক সরকারি কর্মকর্তার ভাষায়, ‘মৌলিকভাবে বাংলাদেশের কিছুই বদলায়নি।’
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি, সতর্ক অবস্থানে ইরান
ইয়েমেনের এক অঞ্চলে হুথি ও সরকারি বাহিনীর মধ্যে ফের সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট, ফের কি যুদ্ধের দামামা?
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯