লিবিয়ায় রুশ জাহাজে হামলাকে ‘আত্মরক্ষার অধিকার’ বলছে ইউক্রেন

লিবিয়ার জলসীমায় রুশ সামরিক জাহাজ ও মালবাহী জাহাজে সপ্তাহান্তের ড্রোন হামলাকে বৈধ আত্মরক্ষা বলে দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এ কথা বলেন। ত্রিপোলির সরকারের সমালোচনার পর তিনি এ মন্তব্য করলেন।

সিবিহা বলেছেন, রুশ নৌজাহাজ এবং সামরিক সরঞ্জাম বহনকারী মালবাহী জাহাজ, দুটোই বৈধ লক্ষ্যবস্তু। জাতিসংঘ সনদের ৫১ ধারায় ইউক্রেনের আত্মরক্ষার অধিকার স্বীকৃত।

সোমবার ত্রিপোলিভিত্তিক সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি (জিএনইউ) বেনগাজি বন্দরে রুশ করভেট মেরকুরি ডুবিয়ে দেওয়া ইউক্রেনীয় অভিযানের নিন্দা জানায়। তারা বলে, রাশিয়া-ইউক্রেন সংঘাতে জড়াতে লিবিয়া রাজি নয়। বেনগাজি নিয়ন্ত্রণ করেন সেনা কমান্ডার খলিফা হাফতার, যার লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে রাশিয়ার সম্পর্ক আছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনইউ নিয়ন্ত্রণ করে পশ্চিম লিবিয়া।

টেলিগ্রামে সিবিহা বলেন, ইউক্রেন কাউকে যুদ্ধে ‘টেনে আনছে’ না বা কোথাও যুদ্ধ ‘স্থানান্তর’ করছে না। তিনি আরও বলেন, ইউক্রেন লিবিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে। আমরা জোর দিয়ে বলছি, ইউক্রেনের পদক্ষেপ রুশ সশস্ত্র আগ্রাসন মোকাবিলার জন্য, লিবিয়া বা তার জনগণের ক্ষতি করার জন্য নয়।

সিবিহার মতে, আত্মরক্ষার অধিকার শুধু আগ্রাসনের ভূখণ্ডে সীমাবদ্ধ নয়; এটি আগ্রাসীর ভূখণ্ডে বা আন্তর্জাতিক জলসীমায়ও প্রযোজ্য। তৃতীয় দেশগুলোর বেসামরিক অবকাঠামো সামরিক কাজে ব্যবহার করে রাশিয়াই তাদের ঝুঁকিতে ফেলছে বলে তিনি দাবি করেন।

ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানায়, সহযোগিতা চুক্তির আওতায় রুশ করভেটটি জ্বালানি ও রসদ নিতে কয়েক দিন বেনগাজি বন্দরে ছিল।

বেনগাজির পূর্বাঞ্চলীয় সরকার জানায়, নৌ-ড্রোনগুলো পশ্চিম লিবিয়া থেকে ছোড়া হয়ে থাকতে পারে। তারা জাতিসংঘকে তদন্ত করতে বলেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

সূত্র: রয়টার্স