স্পেনের নির্বাচনের শেষ বিতর্কে মুখোমুখি নেতারা, আলোচনায় আবাসন খাত

স্পেনের প্রধান দলগুলোর নেতারা উত্তপ্ত শেষ টিভি বিতর্কে ভোটারদের কাছে শেষবারের মতো নিজেদের অবস্থান তুলে ধরেছেন। বিতর্কের মূল বিষয় ছিল দেশের আবাসন সংকট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার ভোট দেবেন স্পেনীয়রা। জনমত জরিপে ইঙ্গিত মিলছে, সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস আট বছরের ক্ষমতার মেয়াদ বাড়াতে পারবেন না। বৃহস্পতিবার রাতের বিতর্ক এমন এক প্রচারণার সমাপ্তি, যেখানে রাজনীতিকদের সযত্নে সাজানো বক্তব্যের চেয়ে প্রতীকী প্রতিবাদে বাড়ির চাবি ঝনঝন করে বাজানোর শব্দই বেশি শোনা গেছে। সাশ্রয়ী বাড়ি পেতে মানুষের সংগ্রাম দেশজুড়ে চত্বরে চত্বরে বিক্ষোভের জন্ম দিয়েছে।

সানচেসের স্থলাভিষিক্ত হওয়ার পথে থাকা রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) নেতা আলবের্তো নুনেস ফেইহো দর্শকদের বলেন, তিনি ১০ লাখ নতুন বাড়ি নির্মাণ করবেন। সামান্য ব্যবধানে বৃহত্তম দল হওয়ার পূর্বাভাস পাওয়া পিপি তৃতীয় স্থানে থাকা উগ্র ডানপন্থী ভক্স পার্টির সঙ্গে সরকার গঠনের পথে রয়েছে। ফ্রাঙ্কো একনায়কত্বের পর স্পেনের ৫০ বছরের গণতন্ত্রে এই প্রথম উগ্র ডানপন্থীরা জাতীয় পর্যায়ে ক্ষমতায় আসতে পারে।

ভক্সের নেতা সান্তিয়াগো আবাসকাল বিতর্কে বলেন, সবচেয়ে বেশি আবাসন-প্রয়োজনীয়দের নিয়ে কেবল তিনিই ভাবেন। চারটি ছোট বামপন্থী দলের জোট ব্রড ফ্রন্ট-এর প্রধান আদা কোলাউ বলেন, ধনী ও শোষক বাড়িওয়ালাদের ওপর কর আরোপ জরুরি। আবাসন সমস্যা মোকাবিলায় ব্যর্থতার সমালোচনা প্রত্যাখ্যান করে সানচেস ভাড়াটেদের সুরক্ষা ও ভাড়ার সীমা বেঁধে দেওয়ার সাম্প্রতিক জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

সেপ্টেম্বরে বিক্ষোভের সূত্রপাত হয় ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালের উচ্ছেদ ও পরে হাসপাতালে মৃত্যুর ঘটনায়। মাদ্রিদে ভাড়া তিন গুণ হওয়ায় তিনি তা দিতে পারছিলেন না।

তবে অনেকে যাকে পূর্ণমাত্রার আবাসন সংকট বলছেন, তার কেন্দ্রে দেশের তৃতীয় বৃহত্তম শহর ভ্যালেন্সিয়া। শহরটির ২৫ বছর বয়সী নুরিয়া সিফুয়েন্তেস বলেন, আমরা একসঙ্গে থাকতে চাই, কিন্তু সম্পত্তির দাম দেখলে তা অসম্ভব। তিনি ও তার প্রেমিক মিগেল মার্তিনেস ক্রীড়া সাংবাদিক। দুজনের বেতন মিলেও ফ্ল্যাট ভাড়ার উচ্চ খরচে তারা এখনও নিজ নিজ পরিবারের সঙ্গে থাকেন। ২৬ বছর বয়সী মিগেল বলেন, মাসে ১ হাজার ইউরোর বেশি ভাড়ায় আমাদের আয়ের অর্ধেক চলে যাবে।

জাতীয় পরিসংখ্যান অফিস আইএনইর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে স্পেনের বড় শহরগুলোর মধ্যে ভ্যালেন্সিয়াতেই ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে। শহরের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বৃদ্ধির হার ৭৮ শতাংশ।

জীবনযাত্রার ব্যয় স্পেনীয়দের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। স্পেনের জিডিপি জার্মানি, ফ্রান্স ও ইতালির চেয়ে দ্রুত বাড়লেও মূল্যবৃদ্ধির সঙ্গে মজুরি তাল মেলাতে পারছে না। শেষ জরিপে সানচেসের পিএসওই দ্বিতীয় স্থানে থাকার এটিও একটি কারণ।

কর্মহীন ৩০ বছর বয়সী দানিয়েল প্রথমবারের মতো ভক্সকে ভোট দিতে প্রস্তুত। তিনি বলেন, প্রথমত, অভিবাসন। স্পেনে এটি এখন খারাপ, তাই আমি আরও ডানে যাচ্ছি।

জুলাইয়ে মাত্র দুই দিনে ৭০ হাজারের বেশি অভিবাসী স্পেনের ভূখণ্ড সেউটায় ঢোকে, যাকে ভক্স আগ্রাসন বলেছে। সানচেসের যুক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিদেশি কর্মশক্তি অপরিহার্য। প্রচারণার শেষ দিনগুলোয় তিনি সরকারি খাতে মজুরিবৃদ্ধি, উচ্চ পেনশন ও ছাড়ে পরিবহনের মতো শত শত কোটি ইউরোর নতুন ব্যয়ের ঘোষণা দিয়েছেন। ২০ বছর বয়সী শিক্ষার্থী মারিয়া গার্সিয়া জানতে চান, এত দেরিতে কেন। তিনি বলেন, আট বছর ক্ষমতায় থেকে হঠাৎ নির্বাচনী প্রচারে তারা অনেক প্রগতিশীল আইন পাস করছে, এটা কি ভণ্ডামি নয়?