পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব কানাডার

পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় তীব্র নিন্দা জানাতে অটোয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৭ নভেম্বর) এই তলব করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কানাডার পররাষ্ট্র দফতর এই হামলাকে রাশিয়ার বেপরোয়া আগ্রাসনের সর্বশেষ উদাহরণ হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি এ ধরনের পদক্ষেপ অনিচ্ছাকৃতভাবে সংঘাত আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে বলেও সতর্ক করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, কানাডা তার মিত্রদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। ন্যাটোর ভূখণ্ড রক্ষা এবং ইউক্রেনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে অটোয়া সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

এর আগে পোল্যান্ডের কৌঁসুলিরা জানান, গত ২০ নভেম্বর ইউক্রেনে রাশিয়ার হামলার সময় তিনটি রুশ ‘কেএইচ-১০১’ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে এবং সেগুলোর ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।

লুবলিনের জেলা কৌঁসুলির কার্যালয় জানায়, পূর্বাঞ্চলীয় লুবলিন এলাকার নোভি লিপোভিয়েৎস এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাবকারপাথিয়ান অঞ্চলের রুডনিক ও মলোডিৎস এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনটি ক্ষেপণাস্ত্রই রাশিয়ার মস্কো অঞ্চলের দুবনা শহরে গত অক্টোবর বা নভেম্বরে তৈরি করা হয়েছিল।