ডয়েচে ভেলের বিশ্ব গণমাধ্যম সম্মেলনে জার্মান প্রেসিডেন্ট

‘চাই বস্তুনিষ্ঠ, সৎ ও নির্ভীক সাংবাদিকতা’

জার্মানির প্রেসিডেন্টবিশ্বে তথ্যের প্রাপ্যতা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে এর বিকৃতির আশঙ্কা। এমন পরিস্থিতিতে সংবাদ মাধ্যমগুলোর কাছে বস্তুনিষ্ঠ, সৎ ও নির্ভীক অবস্থান দাবি করেছেন জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক।
তিনি বলেন, ‘অনলাইনে তথ্যের প্রাচুর্য ক্রমশ বেড়েই চলেছে। যে কারণে বৈশ্বিক পরিমণ্ডলে তথ্যের যথার্থতা যাচাই এখন জরুরি হয়ে পড়েছে। তথ্যের স্থিতি আমাদের চিন্তায় আনছে প্রেরণা এবং এসব তথ্যের ভিত্তিতেই আমরা একে অপরের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি।’
সোমবার জার্মানির প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক এক ভিডিও বার্তায় বিশ্ব গণমাধ্যম সম্মেলনে এ কথা বলেন।
জার্মানির বনে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নেওয়া ২ হাজার অংশগ্রহণকারীকেও অভিবাদন জানান তিনি।
‘গণমাধ্যম, স্বাধীনতা, মূল্যবোধ’ এই তিন প্রতিপাদ্যকে সামনে রেখে জার্মানির ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
গাউক বলেন, ‘আজ আমাদের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে যত সম্ভাবনা এবং উপায় রয়েছে, এর আগে কখনই তা ছিলো না। কিন্তু একই সময়ে আমরা দেখতে পাচ্ছি, তথ্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ার পাশাপাশি তথ্য বিকৃতির আশঙ্কাও বেড়ে যাচ্ছে। ফলে এসব তথ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এ কারণেই প্রয়োজন দেখা দিয়েছে সৎ ও বিশ্বাসযোগ্য গণমাধ্যমের, যার নাম দেখেই আমরা তার তথ্যের প্রতি নির্ভর করতে পারব অবিরতভাবে। সেই গণমাধ্যমকে হতে হবে সত্য ও বস্তুনিষ্ঠতায় পরিপূর্ণ। এমন একটি মূলধারারা সংবাদ মাধ্যম এখন খুবই প্রয়োজন।’

প্রেসিডেন্ট এ সময় ডয়েচে ভেলের প্রশংসা করে বলেন, ‘সব সংকটের সময় এবং নানা সংঘাতের মধ্যেও আজ এটির (ডয়েচে ভেলে) তথ্য বিশ্ববাসীর কাছে বিশ্বাস্যযোগ্য হয়ে উঠেছে।’

জার্মানির প্রেসিডেন্ট গাউক এ সময় অনুষ্ঠানে অংশ নেওয়া ১০০টি দেশের বিভিন্ন অংশগ্রহণকারীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘নিজস্ব মত অসংকোচে প্রকাশ করুন এবং তার জন্য লড়াই করুন।’

বিশ্ব গণমাধ্যম সম্মেলন/এমও/এজে