মুম্বাইয়ে ফার্মেসিতে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ নিহত ৯

nonameভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ফার্মেসিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে আন্ধেরিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আন্ধেরিতে ওই ভবনের নিচ তলায় ফার্মেসিতে স্থানীয় সময় ভোর ছয়টার দিকে আগুন লাগে। এ সময় নিহতরা ওই ভবনের দোতলায় ঘুমাচ্ছিল। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এসব লোক সেখানে আটকা পড়েন। এদের অধিকাংশ একই পরিবারের সদস্য।’

ওই কর্মকর্তা জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে যাওয়া আটজনের লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে মাত্র কয়েক মাস বয়সের একটি শিশু রয়েছে। আগুনে দগ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়, বৈদ্যুতিক শর্ট-সার্কিট বা রান্না করার সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুন নেভানোর সময় এক দমকল কর্মী দগ্ধ হয়েছেন।

উল্লেখ্য, নিরাপত্তা মানের ঘাটতির কারণে ভারতে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।সূত্র: এনডিটিভি।

/এএ/