নিষিদ্ধ মাদকসহ কলকাতায় গ্রেফতার হয়েছেন বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা হুগলি জেলা যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। পেশায় মডেল-অভিনেত্রী পামেলাকে শুক্রবার নিউ আলিপুর থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গী ও বিজেপি নেতা প্রবীর দে-কেও।
বিজেপি নেত্রী মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। আগেই এমন খবর পেয়েছিল পুলিশ। বহুদিন ধরে তার গতিবিধির ওপর নজর রাখছিল নার্কোটিক্স সেল। এদিন সকাল থেকেই বিজেপি নেত্রীর ওপর চোখ রাখেন তদন্তকারীরা।
নিউ আলিপুরে তার গাড়ি থেকে ১০০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করে পুলিশ। তার সঙ্গীর কাছেও মাদক ছিল বলে জানিয়েছে পুলিশ। এই মাদকের বাজারমূল্য লক্ষাধিক রুপি।