আসন্ন বিধানসভা নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। চূড়ান্ত এই তালিকায় ১৩ জন প্রার্থীর নাম থাকলেও নেই সম্প্রতি দলটিতে যোগ দেওয়া শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। অনেকেই ভেবেছিলেন ‘বাংলা সিনেমার দাদা’কে হয়তো দক্ষিণ কলকাতার মর্যাদাপূর্ণ রাশবিহারি আসন থেকে প্রার্থী করা হবে। তবে চূড়ান্ত তালিকায় ওই আসনে প্রার্থী করা হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকে। গুরুত্বপূর্ণ সময়গুলোতে কাশ্মিরের দায়িত্ব সামলেছেন এই সাবেক সেনা কর্মকর্তা। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গুঞ্জন সত্যি করে গত ৭ মার্চ ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা দলে (বিজেপি) যোগ দেন বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী। সেদিন কলকাতায় ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তুলে নেন 'ডিসকো ড্যান্সার' খ্যাত এ অভিনেতা। আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। সেদিন ওই মঞ্চে দাঁড়িয়ে নিজের অভিনীত বাংলা সিনেমা এমএলএ ফাটাকেষ্ট’র সেই জনপ্রিয় সংলাপ আওড়ান, ‘মারবো এখানে লাশ পড়বে শ্মশানে।’ নতুন একটি সংলাপও আওড়ান তিনি, ‘জল ঢোড়া নই। আমি কেউটে। এক ছোবলেই ছবি।’
আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়া ছাড়াও সম্প্রতি কলকাতার ভোটার হয়েছেন এতদিন মুম্বাইয়ের ভোটার থাকা মিঠুন চক্রবর্তী। এসব কারণে তার প্রার্থী হওয়ার জোরালো গুঞ্জন ওঠে। তবে চূড়ান্ত তালিকায় তার নাম নেই। যদিও অন্য কাউকে বাদ দিয়ে এখনও তাকে প্রার্থী করার সুযোগ রয়েছে। কারণ, আট ধাপে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে মধ্য এপ্রিল পর্যন্ত।
প্রার্থী তালিকায় না থাকলেও আগামী ৩০ মার্চ নন্দীগ্রামে বিজেপি’র নির্ধারিত নির্বাচনি সভায় মিঠুন চক্রবর্তী যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর পক্ষে ওই নির্বাচনি রোড শোতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও থাকবেন বলে আশা করা হচ্ছে।